ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বোচ্চ সর্তকতায় আমিরাত, রাতের শহর এখন মলিন

সর্বোচ্চ সর্তকতায় আমিরাত, রাতের শহর এখন মলিন
×

রাতেও এমন আলো ঝলমলে থাকে দুবাই শহর -সংগৃহীত ছবি

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:৫৩

করোনাভাইরাস মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একপ্রকার নীরবতার চাদর বিছিয়ে দিয়েছে। পর্যটকদের প্রথম পছন্দের শহর দুবাইও এখন মলিন হয়ে যাচ্ছে। বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী আলো ঝলমলে নগরী দুবাইয়ে ধীরে ধীরে মলিনতার ছাপ পড়ছে। যেই শহরে রাত আর দিনের কোনো পার্থক্য ছিল না, সেই শহরে এখন দিন-রাতের অনেক ফারাক। পর্যটন নির্ভর এই দেশটি এখন তার নাগরিকদেরও অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করছে। বিমানবন্দরগুলোতে কমেছে ভিড়, বড় ছোট শপিং মল ও বিপণন কেন্দ্রগুলোতে নেই আগের মত জনসমাগম। ব্যবসায়ীরা বলছে, স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিশ্ব-অর্থনীতিতে চরম ধাক্কা দিয়েছে করোনাভাইরাস।

করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণার পর থেকে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৮ জন। এদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে দুইজন বাংলাদেশিসহ সুস্থ হয়েছেন ২৬ জন। 

তবে দেশটির দুবাই স্বাস্থ্য মন্ত্রণনালয় বলছে, কোভিড-১৯ নির্ণয়ের জন্য প্রতি মিলিয়নে তারা ১৩ হাজার লোককে পরীক্ষা করেছে। করোনাভাইরাসে এখনো কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সর্বোচ্চ সর্তকতায় রয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধের নিমিত্তে আমিরাত ও বাংলাদেশ সরকারের নির্দেশে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এতে জানানো হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত প্রবাসীদের পাসপোর্ট আবেদন, নবায়ন অথবা রি-ইস্যু সেবা বন্ধ থাকবে।

এদিকে, আমিরাত সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থা বজায় রাখতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চার সপ্তাহের ছুটি ঘোষণা করেছে। ইতিমধ্যে অনেকগুলো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তারা। ইরান, ইতালি, রোম, চীন, জাপান, সৌদি আরব, ইরাক, তুরস্ক, মরক্কো, জর্ডান, স্পেন, লেবানন, মাল্টা ও পর্তুগাল সহ প্রায় ৩০টি গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা। মঙ্গলবার ( ১৭ মার্চ) থেকে সংযুক্ত আরব আমিরাতে কূটনৈতিক পাসপোর্টধারী ছাড়া বাকি সকল ভিসা প্রদান প্রক্রিয়াও অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দেওয়ার পাশাপাশি সোমবার রাত ৯টা থেকে দেশটিতে বসবাসরত নাগরিকদের আগামী চার সপ্তাহ মসজিদ, মন্দির বা যেকোনো ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠান ও যাবতীয় গণজমায়েত থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বিখ্যাত শপিং সেন্টার দুবাই মল, বন্ধ করা হয়েছে ব্যয় বহুল শপিং ফেস্টিভ্যাল তথা দুবাই গ্লোবাল ভিলিজের চলতি আসর। মূলত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এসব পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। করোনভাইরাস ( কোভিড - ১৯ ) এর বিরুদ্ধে নেওয়া সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাইয়ের পর্যটন ও বাণিজ্য বিপণন মন্ত্রণালয় গত সোমবার থেকে সামুদ্রিক ভ্রমণ, মরুভূমি শিবির, সাফারি এবং ভাসমান রেস্তোঁরায় ভ্রমণ এবং যাবতীয় কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছে। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে দুবাই মিরাকল গার্ডেন, দুবাই বাটারফ্লাই গার্ডেন সহ প্রায় সবগুলো পাবলিক পার্ক। ম্যাসেজ সেন্টার, স্পা ও নাইট ক্লাব বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। ‌সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের এসব বিষয়গুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।

আবুধাবির ক্রাউন প্রিন্স ও  সশস্ত্র বাহিনীর উপ-সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আশ্বাস করে এক বার্তায় বলেন, ‌' অন্যান্য দেশের তুলনায় আগেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমরা। কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে পর্যাপ্ত খাদ্য ও ওষুধ রয়েছে।'

আরও পড়ুন

×