ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফাহিম হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে মানববন্ধন কর্মসূচি

ফাহিম হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে মানববন্ধন কর্মসূচি
×

ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০২:৫০ | আপডেট: ১৮ জুলাই ২০২০ | ০২:৫৮

মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। স্হানীয় সময় শনিবার বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলস শহরের সোনার বাংলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন স্বাস্হ্যবিধি মেনে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। 

এদিকে ফাহিম হত্যায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তারা অবিলম্বে খুনের দায়ে গ্রেপ্তারকৃত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে চাঞ্চল্যকর এ খুনের প্রকৃত কারণ উদঘাটনেরও দাবি জানান তারা। 

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়। আগের দিন থেকে ভাইকে ফোনে না পেয়ে তার ছোট বোন মঙ্গলবার পুলিশকে ফোন করেন।পুলিশ এসে ফাহিমের লাশ উদ্ধার করে। 

ফাহিম সালেহ খুন হওয়ার ঘটনায় তার ব্যক্তিগত সহকারী টেরেস ডেভোন হাসপিলকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। টেরেসের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।


আরও পড়ুন

×