জেন্ডার স্ন্যাপসট-২০২৫
লিঙ্গভিত্তিক বৈষম্য দূর হলে দারিদ্র্যমুক্ত হবে ৩ কোটি নারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৫৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:২৬
ডিজিটাল বৈষম্য দূর করা গেলে বৈশ্বিক জিডিপি ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বাড়তে পারে এবং ২০৫০ সালের মধ্যে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন প্রায় ৩ কোটি নারী। জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন এবং ইউএন ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত জেন্ডার স্ন্যাপসট-২০২৫ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের স্কুল সম্পন্ন করার হার বাড়ছে, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে মাতৃমৃত্যু প্রায় ৪০ শতাংশ কমেছে। জলবায়ু আলোচনায় নারীদের নেতৃত্ব দ্বিগুণ হয়েছে এবং গত পাঁচ বছরে ৯৯টি নতুন বা সংশোধিত আইন বৈষম্য কমাতে ভূমিকা রেখেছে।
এতে বলা হয়েছে, যে দেশগুলোতে সহিংসতা প্রতিরোধে আইন, নীতি, প্রতিষ্ঠান, গবেষণা, সেবা ও বাজেটসহ সামগ্রিক ব্যবস্থা রয়েছে, সেখানে সঙ্গীর সহিংসতার হার দুর্বল সুরক্ষার দেশগুলোর তুলনায় ২.৫ গুণ কম।
ইউ এন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেন, ‘যেখানে লিঙ্গ সমতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেখানেই সমাজ ও অর্থনীতি এগিয়ে গেছে। লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সমাজ ও অর্থনীতিকে রূপান্তর করতে পারে। কেবল ডিজিটাল বৈষম্য কমলেই বিশ্বব্যাপী ৩৪৩.৫ মিলিয়ন নারী ও কন্যাশিশুর জন্য সুফল বয়ে আনতে পারে। ২০৫০ সালের মধ্যে ৩ কোটি নারীকে দারিদ্র্য থেকে মুক্ত করতে পারে এবং ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বাড়াতে পারে।’
ইউএন ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া বলেন, ‘লিঙ্গ সমতা অর্জনে ব্যর্থতার খরচ যেমন বড়, তেমনি বিনিয়োগের সুফলও বিশাল।’ সংবাদ বিজ্ঞপ্তি
