দুবাইয়ে নীল-হলুদে হুমায়ূন স্মরণ
নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ করেন তারা- সমকাল
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৫:২৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৬:৪৬
হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর বাঙ্গালি জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। তার সৃষ্ট অসংখ্য চরিত্রের মাঝে সর্বাপেক্ষা জনপ্রিয় চরিত্রের নাম হিমু। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে গত তিন বছর ধরে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীরা আয়োজন করে আসছেন হিমু দিবস। ১৩ নভেম্বরের কাছাকাছি হিসেবে শুক্রবার (১৫ নভেম্বর) ছুটির দিনে এ আয়োজন করেন আয়োজক।
জুলফিকার হায়দার খান একজন সংস্কৃতিকর্মী, যিনি মনের মধ্যে হিমুকে ধারণ করেন, নওশের আলি আরব আমিরাতের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের আয়োজক বরাবর এ আয়োজন করে আসছেন, যা আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। হিমুর মাধ্যমে নতুন করে জ্যোৎস্না দেখা, বৃষ্টি বিলাস করার মত এমন অনেক প্রকৃতি বিলাস যেন প্রজন্ম পজন্মন্তারে বিস্তারিত হয় এ যেন তারই এক ক্ষুদ্র প্রয়াস।
দুবাইয়ের আল আবির সেকেন্ড পার্কে এবারের হিমু দিবসে সন্মিলিত হয়েছিল একঝাক হিমু এবং রুপা। হলুদ পাঞ্জাবীতে হিমু আর নীল শাড়িতে রুপা মরুভূমিতে নুহাশ পল্লিরই এক রূপ এনে দিয়েছিলো যেন। হুমায়ুন আহমেদ রচিত গল্প উপন্যাস কবিতা গান নিয়ে এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন নাজমুল হক।
“ বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার; খুলিয়া দিয়াছি, ঘরের সকলও দুয়ার” শিরোনামে এবারের আয়োজনে গান পরিবেশন করেন সাখাওয়াত হোসেন, তানঝিল আরা বেগম, অনিন্দিতা খান, বঙ্গ শিমুল ও শিপন। হুমায়ুন আহমেদের কবিতা আবৃত্তি করেন মাকসুদা খানম, জুলফিকার হায়দার খান এবং নাজমুল হক। হুমায়ুন আহমেদের অন্যতম জনপ্রিয় হিমু উপন্যাস ময়ূরাক্ষী থেকে সংলাপ পাঠ করেন সাখাওয়াত হোসেন এবং আরিফা নুসরাত।

হুমায়ুন আহমেদের লেখা উক্তি থেকে কুইজ প্রতিযোগিতা ছাড়াও ছিল শ্রেষ্ঠ হিমু ও রুপা প্রতিযোগিতা, যেখানে মইনুল ইসলাম হিমু হিসেবে এবং লুবা শারমিন রুপা হিসেবে, আর হিমু রুপার জুড়িতে রাজেশ মজুমদার ও শুক্লা রায় দম্পতি পুরস্কৃত হন। বিশেষ একটি পুরস্কার ছিল সঠিক সময়ে উপস্থিত হবার জন্য, এ পুরস্কার জিতে নেন শফিকুল ইসলাম ও তার পরিবার।
বিশিষ্ট সিআইপি শেখ ফরিদ ও মাহবুব মানিক, সঙ্গীতশিল্পী মেরুনা ইয়াসমিন, নারী উদ্যোক্তা গুলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন এই অনাড়ম্বর আয়োজনে। সকলেই বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা শিল্পী হুমায়ুন আহমেদকে নিয়ে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমন আরও আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার পক্ষে অভিমত ব্যক্ত করেন।
- বিষয় :
- হুমায়ূন আহমেদ
- প্রবাস