ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

মিয়ানমারের শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

মিয়ানমারের শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
×

ছবি: সমকাল

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সহিংস অভিযানে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন চালানো ও বিতাড়নের ঘটনায় দেশটির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিউইয়র্কের সচেতন নাগরিকেরা। নেদারল্যান্ডের দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যার মামলার শুনানির শেষ দিন বৃহস্পতিবার এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই সমাবেশের আয়োজন করে কনশাস সিটিজেনস অব ইউএসএ নামের একটি সংগঠন।

সংগঠনটির আহ্বায়ক ও বাংলাদেশি কমিউনিটির চিকিৎসক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নানা পেশার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষ যোগ দেন। 

সমাবেশে অংশগ্রহণকারীরা 'মিয়ানমারের বিচার নিশ্চিত করো', 'রোহিঙ্গাদের অধিকার দিয়ে নিজ দেশে ফিরিয়ে নাও'-এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

সেখানে বাংলাদেশের গণমাধ্যমকর্মী ছাড়াও মূলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. ফেরদৌস খন্দকার বলেন, 'এটি কেবল বাংলাদেশের জন্যে সমস্যা নয়। এটি গোটা মানবতার সংকট। নিরপরাধ নারী, শিশুসহ সর্বস্তরের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিচার হতেই হবে। আর সেটি নিশ্চিত করার এখনই সময়।'

তিনি আরও বলেন, 'রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের সম্মান ও নিরাপত্তা দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এজন্য বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান ডা. ফেরদৌস খন্দকার।

আরও পড়ুন

×