সচেতনতা
রঙের ছদ্মবেশে চুলে বিষ মাখছেন না তো?
অতি প্রিয় চুলে রঙের ছদ্মবেশে বিষ মাখছেন না তো? ছবি : অনলাইন
শাকিলা ইসরাত
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৬:৫৭
| প্রিন্ট সংস্করণ
প্রাকৃতিক রঙের সঙ্গে লড়তে রাসায়নিক কোনো পদার্থকে যদি বসিয়ে দেন, তবে ফলটা কী হতে পারে–তার অনুমান ঠিকই আছে আপনার। টিভি বা পার্টিতে প্রিয় সেলিব্রিটিকে দেখে অনেকেই সিদ্ধান্ত নেন, নিজের চুলেও তাঁর মতো রং করাবেন। অনেকে সিদ্ধান্তের মধ্যে আটকে থাকলেও তা থেকে বেরিয়ে এসে আপনি যদি চুলে রাসায়নিক পদার্থ মেখে তা রাঙিয়ে তোলেন, তবে বিপদের হতে পারে। সেলিব্রিটিরা কিন্তু একদিনে চুল রং করেন না বরং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং কয়েক সপ্তাহ ধরে ট্রিটমেন্ট নিয়ে চুলে রং ধরান। তবুও ভয়।
অ্যালার্জির থাবা: চুলে রাসায়নিক থেরাপি দেওয়ার পর সবার আগে আপনি অ্যালার্জির মুখোমুখি হতে পারেন। যাদের অ্যালার্জি আছে তারা তো আদর-আপ্যায়ন করে অ্যালার্জিকে মাথায় বসার পথ করে দিলেন। কারণ এতে লুকিয়ে থাকে অ্যালার্জির প্রাথমিক লক্ষণ প্যারাপ্যানিল্যান্ডিমাইন বা পিপিডি নামক পদার্থ। এর ফলে চুল লাল আকৃতি ধারণ করতে পারে, চোখ ও চোখের পাতা ফুলে যেতে পারে, চোখ, নাক এবং মুখ থেকে আঁশযুক্ত চামড়া উঠতে পারে। এ ছাড়াও মাথার খুলি ফুলে যেতে পারে। দেখা দিতে পারে খুশকিও।
ভঙ্গুর চুল : যদি রুটিন করে চুল রং করান তবে রঞ্জক পদার্থের ফলে চুল হয়ে যায় শুষ্ক এবং ভঙ্গুর। কমে যায় আর্দ্রতা। ফলে চুল হারাতে থাকে উজ্জ্বলতা। এর শেষ সমাধান কিন্তু ভয়াবহ। চুলে দেখা দেয় ভঙ্গুরতা। অনেকে মাথা ন্যাড়া করেও এর সমাধান পান না। ফলে এই বানানো রঙের সঙ্গে আপস করবেন কিনা ভাবুন এখনই।
খসখসে ত্বক: চুলে রং করার আগে ত্বক পরীক্ষা করে নেওয়া উচিত। ত্বকে অ্যালার্জি থাকলে চুলে রং না করাই বুদ্ধিমানের কাজ। তা না হলে ত্বক খসখসে হয়ে যেতে পারে।
ক্যান্সার: ল্যাবরেটরির পরীক্ষায় পিপিডিতে মানুষের ডিএনএ কোষের ক্ষতি ও ক্যান্সার সৃষ্টির প্রমাণ পান বিশেষজ্ঞরা। একই ফল উঠে এসেছে আমেরিকান ক্যান্সার সোসাইটির পরীক্ষায়ও।
ফুসকুড়ি: যারা চুলে রং করে তাদের মাথার খুলিতে প্রায়ই লাল লাল ফুসকুড়ির দেখা মেলে। এটিও মূলত অ্যালার্জির লক্ষণ। এসব ফুসকুড়ি দেখা দিলে তা না খুঁটে শিগগিরই চর্মরোগ বিশেষজ্ঞের মুখোমুখি হোন।
অ্যাজমা: যাদের হাঁপানি আছে তারা এই পথে না নামাই ভালো। শুধু তারাই নন, আপনি ভালো মানুষ হলেও এই পিপিডি নামক পদার্থের ছোবলে পড়ে হাঁপানিটাকে আপন করে ফেলতে পারেন। চুল রং করানোর আগে একটু ভাবুন। একান্তই যদি করাতে হয়, তো খোঁজখবর নিয়েই পা বাড়ান। না হয় ভালোর চেয়ে মন্দটাই গ্রাস করবে।
- বিষয় :
- চুল
