প্রেরণা
টেক্সট মেসেজে কী লিখছেন?
কী যে ক্ষমতা রাখে টেক্সট মেসেজ বা খুদেবার্তা... মডেল: জারা; ছবি: সাহস
ইয়াসিন মাসুম
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০৭:৩৬
| প্রিন্ট সংস্করণ
মনের গোপন কথা প্রিয়জনকে মুখে বলার চেয়ে টেক্সট করে জানানোর মধ্যে অন্যরকম এক ভালোলাগা কাজ করে। তবে টেক্সটের সুফল পেতে আপনাকে কিছুটা সাবধানি হতে হবে। একটু অসতর্কতায় হিতে বিপরীত হতে পারে।
করতে পারেন যা
ছোট কথার ব্যাপকতা: রাজ্যের কাজের কাজি আপনি। মাথা তুলে ফোনে কান ডোবানোর সময় নেই আপনার। সময় নেই টেক্সট করারও। তবু সম্পর্ককে আরও সুসংহত করতে পারেন ছোট বাক্যবিনিময়ের মাধ্যমে। একগাদা কথা না লিখে ছোট্ট করে লিখুন–‘হাই, কী খবর?’ বলতে পারেন, ‘কেমন যাচ্ছে তোমার দিন?’ কিংবা ‘মিসিং ইউ’র মতো ক্ষমতাধর কথা।
দূরত্ব কমাতে: ঘর ছেড়ে হয়তো অনেক দূরে আপনি। মন পড়ে আছে আবার ঘরের প্রিয় মানুষটির কাছে। তাকে খুব দরদ দিয়ে একটা টেক্সট করুন। এতে সেও তার মনের কথা জানাবে। এভাবে ছোট বাক্যবিনিময়ে দূরত্ব কমে আসবে। দুজনে আসবেন একই ছাদের নিচে!
প্রথম দেখার আগে: পরিচয়টা হতে পারে চলন্ত পথে কিংবা অনলাইনে। অথবা সে হতে পারে আত্মীয়। তবে তার সঙ্গে দেখা করার আগে টেক্সট মেসেজকে গুরুত্ব দিন। গবেষণায় দেখা গেছে, শতকরা ৩২টি প্রেমিক যুগলই প্রথম দেখার আগে দুজনের মধ্যে টেক্সট মেসেজ আদান-প্রদানে গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেন, এতে প্রথম দিনটি স্বস্তিতে কাটানোর রসদ পেয়ে যান। কারণ ইতোমধ্যে টেক্সট মেসেজের মাধ্যমে নিজেদের পছন্দ-অপছন্দ; প্রিয় ব্র্যান্ড, প্রিয় সিনেমা, ভালোলাগার স্থান, শখ–এমন সব বিষয় জেনে গেছেন। এসব তথ্য কাজে লাগিয়ে তারা দিনটা ভালোভাবে কাটাতে পারেন।
ঝটপট উত্তর: এখন আমরা প্রায় সবাই মোবাইল ফোন সঙ্গে রাখি। তাই মেসেজের উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করুন।
যা করা যাবে না
টেক্সট মেসেজের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে একেবারে এড়িয়ে চলতে হবে। যেমন ধরুন–
অনুমানের দেয়াল: যদি কোনো টেক্সট আপনি বুঝতে না পারেন, অনুমানের ওপর ভিত্তি করে উত্তর দেবেন না। অপেক্ষা করুন তাঁর মুখোমুখি হওয়ার। তারপর তিনি কী বলছেন বা বলতে চাচ্ছেন তা জেনে নিন।
ঠাট্টায় গন্ডগোল: সম্পর্কের পারদ ওপরে ওঠাতে চাইলে একটু হাস্যরস করতেই পারেন।
রাগের মাথায় ইতি: কোনো কারণে দিন খারাপ গেলে কিংবা কারও ওপর মেজাজ তিরিক্ষি হয়ে থাকলে টেক্সট না করে চুপচাপ থাকাই ভালো।
ব্রেকআপেও না: সম্পর্কে একঘেয়ে ভাব চলে এসেছে? একজনকে দেখলে আরেকজনের রগ চটে যায়? দুজনই সিদ্ধান্ত নিয়েছেন ব্রেকআপ করার? এ অবস্থায়ও টেক্সট মেসেজ পরিহার করুন। সম্পর্ক ভাঙার জন্য টেক্সট গুরুত্বপূর্ণ মনে হলেও এ পথে হাঁটবেন না। কাউকে খারাপ সংবাদ দিতে চাইলেও টেক্সট এড়িয়ে ফোনে কথা বলে জানান।
- বিষয় :
- প্রেরণার কথা