উষ্ণতায় রুম হিটার
আজহার মাহমুদ
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৭:১২
| প্রিন্ট সংস্করণ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রুম হিটার কেনার প্রবণতা বাড়ছে। ঘরের পরিবেশ উষ্ণ রাখতে রুম হিটার ব্যবহার করা যায়। বিশেষ করে যাদের ঘরে শিশু ও বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য রুম হিটার জরুরি হয়ে উঠেছে। আবার যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের জন্য রুম হিটার ঘরের প্রয়োজনীয় একটা অনুষঙ্গ।
রুম হিটারের প্রকারভেদ
রুম হিটারের মধ্যে সবচেয়ে পরিচিত এবং সবার স্বাচ্ছন্দ্যের হিটার হচ্ছে কনভেকশন হিটার। এটি এক ধরনের পরিচালন পদ্ধতিতে ঘর গরম করার হিটার। এই হিটারের মধ্যে কয়েল ও ফ্যান থাকে। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগও দিতে হয়। এসব হিটার মূলত আশপাশের বাতাস গরম করে। গরম বাতাসকে ফ্যানের মাধ্যমে ঘরের মধ্যে ছড়িয়ে দেয়। বাজারে তিন ধরনের কনভেকশনাল রুম হিটার পাওয়া যায়। ফ্যান অথবা ব্লোয়ার হিটার, সিরামিক হিটার, অয়েল ফিল্ড হিটার। ফ্যান কিংবা সিরামিক হিটার দুটোই একই পদ্ধতিতে কাজ করে। পার্থক্যটা হলো শুধু সিরামিক হিটারের মধ্যে গরম হওয়া কয়েলটি সিরামিক পদার্থ দিয়ে বানানো। তাই ওটা সিরামিকের নামে পরিচিত।
ফ্যান অথবা ব্লোয়ার হিটার: এই হিটারের মধ্যে ফ্যান ও কয়েল থাকে। তাই এটিকে ফ্যান কিংবা ব্লোয়ার হিটার বলা হয়। অন্যান্য কনভেকশন হিটারের তুলনায় এটি অনেক সস্তা। হালকা তাই সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।
সিরামিক হিটার: সিরামিক হিটারের মধ্যে সিরামিকের কয়েল থাকে; যার ফলে খুব কম অক্সিজেন ও জলীয়বাষ্প পোড়ায়। এতে ঘরের মধ্যে কম অক্সিজেন ও জলীয়বাষ্পের ঘাটতি ঘটে। এটা যথেষ্ট নিরাপদ। হিটার বন্ধ করার পরও কিছু সময় ধরে ঘরটি উষ্ণ থাকে।
অয়েল ফিল্ড হিটার: এই হিটারের মধ্যে তেল ব্যবহার করা হয়। অয়েল ফিল্ড হিটারের মধ্যে কয়েলও থাকে। এটিতেও সিরামিক কয়েল ব্যবহার করা হয়ে থাকে। সব থেকে ভালো দিক হলো, এটি রুমের অক্সিজেন কমিয়ে দেয় না। জলীয়বাষ্প এবং অক্সিজেনের পরিমাণ ঠিক থাকে সবসময়।
রুম হিটার ব্যবহারের নিয়ম
রুমের তাপমাত্রা স্বাভাবিক হলে অর্থাৎ হিটার চালানোর পর রুমে যখন আর ঠান্ডা অনুভূত হবে না, তখন হিটার বন্ধ করে দিন। রুমের হিটার বেশি ওয়াটের হলে আলাদা বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করুন। ঘরের জানালা-দরজায় ফাটল, ভাঙা বা ছিদ্র থাকলে সেটি বন্ধ করা জরুরি। অনেক সময় দরজার পাশে ফাঁকা জায়গা থাকে। সেখানে কাগজ কিংবা কাপড় দিয়ে বন্ধ করে দিন। কোন হিটার কতক্ষণ চালালে ঘর গরম থাকবে তা কেনার আগে জেনে নিন। পরে বন্ধ করে রাখলেও ঘরের তাপমাত্রা অনেকক্ষণ গরম থাকে। সারাক্ষণ এটি চালানোর প্রয়োজন নেই।
রুম হিটার ব্যবহারে সতর্কতা
রুম হিটার ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকি হলো অগ্নিকাণ্ড। অধিকাংশ হিটার বৈদ্যুতিক বা গ্যাসচালিত হওয়ায় অতিরিক্ত তাপ, শর্ট সার্কিট বা গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। তাই হিটার কখনোই পর্দা, বিছানা, সোফা, কাগজ বা দাহ্য বস্তুর কাছে রাখা উচিত নয়। হিটারের চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা জরুরি; যাতে তাপ সহজে ছড়িয়ে যেতে পারে। হিটার ব্যবহারের সময় ঘরের জানালা বা ভেন্টিলেশন সামান্য খোলা রাখা জরুরি। রাতে ঘুমানোর সময় হিটার চালু রেখে ঘুমানো ঝুঁকিপূর্ণ। ঘুমানোর আগে হিটার বন্ধ করে দিন অথবা টাইমারযুক্ত হিটার ব্যবহার করুন, যা নির্দিষ্ট সময় পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
ব্র্যান্ডভেদে দাম
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হিটার পাওয়া গেলেও মিয়াকো, নোভা, নোভেনা, কমেট, ভিশন, ওয়ালটন, ডিজনি, বাসুস, ডানাজ ও ডিলঙি ব্র্যান্ডের রুম হিটারই চলছে বেশি। ব্র্যান্ডভেদে যন্ত্রটির দাম পড়বে দুই হাজার থেকে চার হাজার ৫০০ টাকা পর্যন্ত। সিঙ্গার, ওয়ালটনের এক হাজার ওয়াট ও দুই হাজার ওয়াটের রুম হিটার পাওয়া যায়। এ ধরনের হিটারের দাম পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এর বাইরে দারাজ অনলাইন শপে নানা আকৃতি ও ওয়াটের রুম হিটার কিনতে পারবেন।
- বিষয় :
- রুম হিটার
