ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভর্তা-ভাজিতে খাওয়া শুরু

ভর্তা-ভাজিতে খাওয়া শুরু
×

মিতা আজহার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

মাছ-মাংসের বাহারি পদ থাকলেও ভাত খাওয়ার শুরুতে সবাই ভাজি কিংবা ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন। গরম ভাতের সঙ্গে নানা পদের ভর্তা কিংবা শাকসবজির ভাজিতে জমে ওঠে খাবারের শুরুটা। সহজ উপকরণে তৈরি এসব পদ শুধু স্বাদই বাড়ায় না; খাবারেও আনে বৈচিত্র্য। ভর্তা-ভাজির কয়েক পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার

বরবটি-চিংড়ি ভর্তা
উপকরণ: বরবটি কুচি এক কাপ বা (২৫০ গ্রাম), কুচো বা ছোট চিংড়ি মাছ আধা কাপ বা (১০০- ৫০ গ্রাম), পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, রসুন কোয়া পাঁচ-সাতটি, কাঁচামরিচ বা শুকনামরিচ পাঁচ-সাতটি (ঝাল অনুযায়ী), হলুদ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, সরিষা তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে বরবটি ছোট টুকরা করে কেটে নিন। কড়াইতে সামান্য তেল দিয়ে বরবটি, রসুন ও কাঁচা বা শুকনামরিচ হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইতে একটু তেল দিয়ে পরিষ্কার করা চিংড়ি মাছগুলোয় সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিন। এবার ভেজে রাখা বরবটি, রসুন, মরিচ এবং চিংড়ি মাছ একসঙ্গে পাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে একটু ভেঙে বা মিহি করে বেটে নিন। উপকরণের সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি এবং খাঁটি সরিষার তেল ভালো করে মিশিয়ে চটকে নিন। লবণ পরীক্ষা করে প্রয়োজনমতো মিশিয়ে নিলে তৈরি সুস্বাদু বরবটি চিংড়ি ভর্তা। এটা গরম ভাতে খেতে মজা।

মিক্সড সবজি ভাজি
উপকরণ: আলু, মিষ্টিকুমড়া, চিচিঙ্গা, কাঁচা পেঁপে, বরবটি মিলিয়ে দুই কাপ (পছন্দমতো টুকরা করা), পেঁয়াজ কুচি একটি, রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ। জিরা ও ধনিয়া গুঁড়া এক চা চামচ, সয়াবিন বা সরিষার তেল তিন টেবিল চামচ, লবণ স্বাদমতো, ফোড়নের জন্য শুকনামরিচ দুটি এবং সামান্য পাঁচফোড়ন। 
প্রস্তুত প্রণালি: সবজি ফোটানো পানিতে সেদ্ধ করে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন বাটা হালকা করে ভেজে নিন। সব গুঁড়া মসলা ও অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। সেদ্ধ করা সবজি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে গেলে অন্য প্যানে তেল, শুকনামরিচ ও পাঁচফোড়নের ফোড়ন তৈরি করে সবজিতে ঢেলে দিন। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

ডিম দিয়ে        চিচিঙ্গা ভাজি
উপকরণ: চিচিঙ্গা দুই-তিনটি (কুচি করা), ডিম এক-দুটি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ পাঁচ-ছয়টি (ফালি করা,) হলুদ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: চিচিঙ্গা ভালো করে ধুয়ে গোল বা লম্বা করে কুচিয়ে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। কড়াইয়ের একপাশে পেঁয়াজ সরিয়ে কড়াইতে ডিম ভেঙে দিন এবং সামান্য লবণ দিয়ে ডিমটি ঝুরি ঝুরি করে ভেজে নিন। এরপর ভাজা ডিমের সঙ্গে কুচানো চিচিঙ্গা, সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ঢেকে দিন। চিচিঙ্গা থেকে পানি বের হবে এবং সেই পানিতে চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে নরম হয়ে গেলে ও ভাজা ভাজা ভাব এলে 
নামিয়ে নিন। 

বাদাম ভর্তা
উপকরণ: এক কাপ চিনাবাদাম, দুই-তিনটি শুকনা ভাজা মরিচ, একটি পেঁয়াজ কুচি করা, দুই কোয়া রসুন, লবণ স্বাদ অনুযায়ী, দুই টেবিল চামচ সরিষার তেল।
প্রস্তুত প্রণালি: একটি প্যানে হালকা সোনালি রং করে বাদাম ভেজে নিন। ভাজা বাদামগুলো ঠান্ডা হলে শিলপাটায় বেটে নিন। একটি বড় পাত্রে বাটা বাদাম, পেঁয়াজ, রসুন কুচি, লবণ এবং শুকনামরিচ একসঙ্গে মিশিয়ে নিন। ইচ্ছে হলে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার সরিষার তেল ঢেলে দিন। সবকিছু ভালোভাবে মেখে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন

×