ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রাণ জুড়াতে কোল্ড কফি

প্রাণ জুড়াতে কোল্ড কফি
×
×

মিতা আজহার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

গরমে হট কফি খেতে না চাইলে বাসায় বানিয়ে নিন পছন্দের কোল্ড কফি। সহজ উপায়ে বানানো যায় এমন চার ধরনের কফির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার

আইসড ল্যাতে 
উপকরণ: কফি এসপ্রেসো চার ভাগের এক ভাগ (এক চামচ ইনস্ট্যান্ট কফি দুই চামচ গরম পানিতে গুলে নিতে পারেন), ঠান্ডা দুধ এক কাপ, বরফ কুচি চার-পাঁচটি কিউব, চিনি বা সিরাপ স্বাদমতো। 
প্রস্তুত প্রণালি: প্রথমে একটি কাপে কফি এবং সামান্য গরম পানি ভালো করে মিশিয়ে নিন। চাইলে চিনি যোগ করুন। একটি লম্বা গ্লাসে বরফের টুকরাগুলো দিন। গ্লাসে ঠান্ডা দুধ ঢালুন। সবশেষে দুধের ওপর ধীরে ধীরে কফির মিশ্রণটি ঢেলে দিন। চামচ দিয়ে হালকা নেড়ে পরিবেশন করুন আইসড ল্যাতে। 

কোল্ড ব্রাউন কফি 
উপকরণ: কফি পাউডার দুই টেবিল চামচ, ব্রাউন সুগার চার টেবিল চামচ, কুসুম গরম পানি চার টেবিল চামচ, ঠান্ডা দুধ তিন কাপ, বরফের টুকরা আট থেকে ১০টি, চকলেট সিরাপ সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি: একটি ব্লেন্ডার জারে কফি পাউডার, ব্রাউন সুগার এবং কুসুম গরম পানি নিন। মিশ্রণটি ১-২ মিনিট ব্লেন্ড করুন। এবার একটি পরিবেশন গ্লাসে ইচ্ছেমতো চকলেট সিরাপ ও বরফের টুকরা দিন। তৈরি করা কফির ফোমের মতো মিশ্রণটি গ্লাসে ঢেলে দিন। ঠান্ডা দুধ ঢেলে চামচ বা স্ট্র দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ক্যাফে স্টাইল ব্রাউন কোল্ড কফি।

কোল্ড ক্যাপাচিনো  
উপকরণ: কফি পাউডার দুই চা চামচ, চিনি তিন চা চামচ, কুসুম গরম পানি দুই টেবিল চামচ, তরল দুধ এক গ্লাস, আইস কিউব চার-পাঁচটি, ভ্যানিলা আইসক্রিম এক স্কুপ, চকলেট সিরাপ বা কোকো পাউডার সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি: কাপে কফি পাউডার, চিনি এবং কুসুম গরম পানি একসঙ্গে মেশান। হ্যান্ড হুইস্ক, কাঁটা চামচ বা ইলেকট্রিক বিটার দিয়ে মিশ্রণটিকে অনবরত ফেটান। ৫-৭ মিনিটের মধ্যে মিশ্রণটি ঘন, হালকা ক্রিম এবং ফোমের মতো হয়ে যাবে। ব্লেন্ডার জগে ঠান্ডা দুধ, বরফ কুচি এবং তৈরি করে রাখা কফি ফোমের তিন-চতুর্থাংশ ঢালুন। এবার সবকিছু একসঙ্গে ১ মিনিট ব্লেন্ড করে নিন। যে গ্লাসে কফি পরিবেশন করবেন সেখানে কফি ফোম বা ব্লেন্ডারের অবশিষ্ট ফেনা চামচের সাহায্যে দিন। কফির গুঁড়া বা ওপরে সামান্য কোকো পাউডার কিংবা চকলেট সিরাপ ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। 

মাচা কোল্ড কফি  
উপকরণ: মাচা পাউডার দুই চা চামচ, গরম পানি চার টেবিল চামচ, এসপ্রেসো বা স্ট্রং কফি এক শট (বা দুই-চার টেবিল চামচ খুব কড়া কফি), দুধ চার ভাগের এক কাপ, ক্রিম বা অতিরিক্ত দুধ চার ভাগের এক কাপ, চিনি বা সুইটনার দুই চা চামচ, বরফ কুচি প্রয়োজনমতো। 
প্রস্তুত প্রণালি: একটি ছোট বাটিতে মাচা পাউডার ও চিনি নিন। এতে সামান্য গরম পানি দিয়ে ভালো করে হুইস্ক বা চামচ দিয়ে ফেটিয়ে নিন; যাতে কোনো দানা না থাকে। অন্য একটি গ্লাসে বরফ কুচি দিন। বরফের ওপর দুধ ও ক্রিম ঢেলে দিন। এর সঙ্গে তৈরি করা এসপ্রেসো বা স্ট্রং কফি ঢালুন। সবশেষে ওপর থেকে ফেটিয়ে রাখা মাচা মিশ্রণটি ঢেলে সুন্দর লেয়ার তৈরি করুন। হালকা নেড়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। 

আরও পড়ুন

×