যে মেয়ে পথে ফিরে গেছে
জেসমিন আক্তার
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
২০১৩ সাল। কমলাপুর রেলস্টেশনে এসে দাঁড়ায় ৭ বছরের একটি মেয়ে। যে বাসায় থাকত, সেখানকার ছেলেটি তাকে মারত। তাই পালিয়ে এসেছে। বাবা-মা কে, সে জানে না। জিজ্ঞেস করলে শুনত, ‘আমরা জানি না, তোমারে পাইছি, নিয়া আসছি।’
মেয়েটির নাম জেসমিন আক্তার। সেদিনই বেসরকারি সংস্থা লিডোর উদ্ধারকর্মীরা তাঁকে খুঁজে পান। ১৩ বছর পর জেসমিন আবার পথে। এবার তিনি লিডোর ‘স্ট্রিট এডুকেটর’, পড়ান পথের শিশুদের।
মাঝের পথটা সহজ ছিল না। পিস হোমে এসে স্কুলে ভর্তি হন, মাঠে নামেন। ২০১৯ সালে পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপে লর্ডসে খেলে সেরা বোলারের পুরস্কার পান। যাওয়ার আগে আটকে গিয়েছিল পাসপোর্ট। বাবা-মায়ের নামের ঘর ফাঁকা থাকলে আবেদন এগোয় না। লিডোর প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন তখন আদালতে গিয়ে শিশুদের আইনি অভিভাবকত্ব নেন। এ পর্যন্ত ৩৫ শিশুর পাসপোর্টে অভিভাবকের ঘরে তাঁর নাম বসেছে। তিনি জানান, নিয়ম কিছুটা শিথিল হলেও জন্মনিবন্ধন ও পাসপোর্টের প্রক্রিয়া এই শিশুদের জন্য এখনও সহজ হয়নি।
পরে ক্রিকেটের জায়গা নেয় ক্যামেরা। জেসমিন প্রামাণ্যচিত্র ‘হোয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’-এর প্রযোজক ও অভিনেত্রী। ছবিটি সপ্তম নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিবেশভিত্তিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন লিডো পরিবারকে। এ বছর এসএসসি (ভোকেশনাল) পাস করে ভর্তি হয়েছেন লালমাটিয়া মহিলা কলেজে।
সানজিদা মির্জাও লিডোতে আসেন শিশু বয়সে। চৌদ্দ বছর খোঁজের পর তাঁর মা-বাবার সন্ধান মেলে। কিন্তু মেয়েকে রাখার সামর্থ্য পরিবারটির ছিল না। তাঁরাই সানজিদাকে আবার লিডোর কাছে রেখে যান। ঠিকানা মিলেছিল, ঘর মেলেনি। সানজিদা এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কাজ করেন, পাশাপাশি নার্সিং পড়ছেন। তাঁর এই আশার গল্প এসেছে একটি বেসরকারি সংস্থার যত্ন থেকে, রাষ্ট্রের কোনো ব্যবস্থা থেকে নয়।
সরেজমিনে দেখা যায়, লিডোর পিস হোমে এখন ৬৫ শিশু আছে। সুলতানার (ছদ্মনাম) মা মরিয়ম (ছদ্মনাম) ইট ভেঙে তিন সন্তানের ভাত জোগাতেন। অসুখে মারা যাওয়ার আগে সন্তানদের ভার লিডোর হাতে তুলে দিয়ে যান। সুলতানা এখন চতুর্থ শ্রেণিতে পড়ে। শিরীন (ছদ্মনাম) আর তার ছোট ভাই মিজান (ছদ্মনাম) থাকত হাইকোর্ট এলাকায়, রিকশাচালক বাবার সঙ্গে। শিরীন এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে, শিশু সাংবাদিক দলের ‘চেঞ্জমেকার’। তিনজনই জিম্বাবুয়েতে পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপের জন্য অনুশীলন করছে।
- বিষয় :
- কমলাপুর