মসজিদে কুবায় হেঁটে যাওয়ার পথ
মসজিদে কুবা। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:১০
হাদিসে আছে, মসজিদে কুবায় দুই রাকাত নামাজ পড়লে একটি ওমরাহর সমান সওয়াব পাওয়া যায় (তিরিমিজি, হাদিস: ৩২৪)। মসজিদে নববির অদূরে বেলাল মসজিদের কাছে নতুন করে করা হয়েছে কুবা স্কয়ার। ৪৫ মিনিট হেঁটে সরাসরি কুবা মসজিদে যাওয়া যায়। যারা হেঁটে যাবেন না, তারা ব্যাটারিচালিত গাড়িতে ১০ রিয়ালে পৌঁছাতে পারেন।
মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবাপল্লিতে মসজিদটি নির্মাণ করেন (সুরা তওবা, আয়াত: ১০৮)। এই মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে রাসুলুল্লাহ (সা.) অংশ নেন।
কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম (রা.)-এর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। এখানে রাসুলুল্লাহ (সা.) ১৪ দিন (কেউ বলেন ১০ দিন) অবস্থান করেন ও তাঁর আতিথেয়তা গ্রহণ করেন।
মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে কুবা মসজিদ অবস্থিত। মসজিদে নববি থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে, তাকেও কুবা বলা হতো। এই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা।
মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.) তাঁর খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। উমর বিন আবদুল আজিজ (রহ.), উসমানি সুলতান দ্বিতীয় মাহমুদ ও তাঁর ছেলে প্রথম আবদুল মাজিদ প্রমুখ শাসক মসজিদে কুবার সংস্কারকাজ করেন। এ মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না।
মসজিদে কুবার বর্তমান আয়তন ১৩ হাজার ৫০০ বর্গমিটার। এতে চারটি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ ও পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এ ছাড়া ছাদের অন্য অংশে ৫৬টি ছোট গম্বুজের অবয়ব আছে। ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে।
মূল মসজিদ ছাড়া এখানে আছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি। অবশ্য মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ ও চার কোনায় চারটি উঁচু মিনার। মসজিদের চতুর্দিকের সবুজ পামগাছের বলয় মসজিদটির সৌন্দর্য বাড়িয়েছে।
মসজিদটি দেখতে প্রতিদিন অনেক মানুষ আসেন। মসজিদে নারী-পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশপথ আলাদা।
- বিষয় :
- মসজিদ
