ভারতের মেয়েদের কাছে ১৮ রানে হার সালমাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৪
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের কাছে ১৮ রানে হেরেছেন বাংলাদেশের সলমা খাতুনরা। সোমবার পার্থে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪২ রান।
বাংলাদেশের শুরুটা ভালো না হলেও নিগার সুলতানার পর রুমানা আহমেদের ব্যাটে জয়ের আশা জাগে। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানে থামতে হয় বাংলাদেশের মেয়েদের।
রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ রান করে সাজঘরে ফিরে যান শামীমা সুলতানা। তিন নম্বরে নামা সানজিদা ইসলামও ১৭ বলে ১০ রান করে আউট হন। ব্যর্থতার মিছিলে নাম লেখান আরেক নির্ভরযোগ্য ব্যাটার ফারজানা হক। রানের খাতা খোলার আগেই আউট হন তিনি।
তবে আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিং করে জয়ের আশা জাগান। ওপেনার মুর্শিদার ব্যাট থেকে আসে ২৬ বলে ৩০ রান, জ্যোতি করেন ২৫ বলে ৩৫ রান।
কিন্তু এ দুজনের বিদায়ের পর আর কেউই তেমন কিছু করতে পারেননি। অধিনায়ক সালমা খাতুন ৫ বলে ২ রানে অপরাজিত ছিলেন। সহ-অধিনায়ক রোমানা আহমেদের ব্যাট থেকে আসে ৮ বলে ১৩ রান; যা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।
এর আগে দলের পক্ষে দুর্দান্ত বোলিং করে অধিনায়ক সালমা খাতুন ও পেসার পান্না ঘোষ দুজনই ২টি করে উইকেট নেন।
পার্থের বিখ্যাত ওয়াকা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভারতকে ঝড়ো সূচনাই এনে দিয়েছিলেন ডানহাতি ওপেনার শেফালি ভার্মা। ফলে দ্বিতীয় ওভারে তানিনা ভাটিয়া মাত্র ২ রান করে ফিরে গেলেও, রানের চাকা থামেনি ভারতের।
শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১৭ বলে ৩৯ রান করেন শেফালি। এ ঝড়ো ইনিংসে ২ চারের পাশাপাশি ৪টি বিশাল ছক্কাও হাঁকান তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে শেফালির ঝড় থামান পান্না। তিনবারের চেষ্টায় আকাশে ভেসে আসা বল তালুবন্দী করেন শামীমা সুলতানা।
শেফালির বিদায়ে ভারতের ইনিংসে তেমন কিছুই করতে পারেন নি অধিনায়ক হারমানপ্রিত কৌর (১১ বলে ৭), দিপ্তি শর্মা (১৬ বলে ১১) এবং রিচা ঘোষ (১৪ বলে ১৪)। তবে জেমিমাহ রদ্রিগেজ ৩৭ বলে ৩৪ এবং ভেদা কৃষ্ণামুর্থি ১১ বলে ২০ রান করে দলকে ১৪২ রানের সংগ্রহ এনে দেন।
