ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তিন কোটি ইউরোয় করোনাকে চায় চেলসি

তিন কোটি ইউরোয় করোনাকে চায় চেলসি
×

পোর্তর মেক্সিকান ফুটবলার জেসুস ম্যানুয়েল করোনা। ছবি: সংগৃহিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০২:২৩ | আপডেট: ৩০ মে ২০২০ | ০২:৪৪

পর্তুগালের অন্যতম সেরা ক্লাব এফসি পোর্তর ২৭ বছর বয়সী উইঙ্গারে চোখ রাখছেন চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। জেসুস ম্যানুয়েল করোনা নামের ওই ম্যাক্সিকান ফুটবলারকে তিন কোটি ইউরো দিয়ে কিনতে চান তিনি। এছাড়া ইন্টার মিলান ও স্পেন-জার্মানির কিছু দলও তার প্রতি আগ্রহী।

করোনা প্রাদুর্ভাবের মধ্যে তার নাম করোনা বলে অবশ্য ইউরোপের শীর্ষ ক্লাব তার প্রতি আগ্রহী হয়ে ওঠেনি। তিনি চেলসি-ইন্টারের নজরে এসেছেন তার পারফরম্যান্স দিয়ে। চলতি মৌসুমে লিগে করোনা গোল করেছেন মাত্র দুটি। কিন্তু গোল করিয়েছেন ১০টি। সব মিলিয়ে চলতে মৌসুমে এখন পর্যন্ত ১৭ গোলে সহায়তা দিয়েছেন তিনি।

বায়ার্ন মিউনিখে ধারে থাকা বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুতিনহোর বিকল্প হিসেবে তাই করোনাাকে ভাবছে চেলসি। তার এজেন্ট জানিয়েছেন, চেলসির সঙ্গে তাদের আলোচনাও হয়েছে। তবে করোনা আগামী মৌসুমে কোথায় খেলবেন সেটা জানতে চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান।

করোনার এজেন্ট বলেন, 'চেলসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে করোনা তাদের প্লান এ, বি নাকি সি'তে আছে তা বলতে পারবো না। এখন আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত পুনরায় মৌসুম শুরুর দিকে মনোযোগ রাখতে হবে। কারণ এখন দলবদলের বাজারও বন্ধ। পোর্তর সঙ্গে তার এখনও দুই বছরের চু্ক্তি আছে।

তার বর্তমান রিলিজ ক্লজ তিন কোটি ইউরো। এখনও করোনা পোর্তর পরিকল্পনার বড় অংশ। ইতালি, জার্মানি, স্পেনের ক্লাবও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে এই পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করার আশাটা একটু কঠিন।'

আরও পড়ুন

×