ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১৬ বছর পর প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেড

১৬ বছর পর প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেড
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ১৩:৩০ | আপডেট: ১৭ জুলাই ২০২০ | ১৩:৩১

দ্বিতীয় বিভাগের ফুটবল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা পাকা করেছে লিডস ইউনাইটেড। দীর্ঘ ১৬ বছর পরে। ইংলিশ সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি ‘ব্রেকিং নিউজ’। ইংল্যান্ডের অনেক ফুটবল প্রেমির কাছেও তাই। কারণ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী তিনবারের প্রিমিয়ার লিগ জয়ী দল তারা।

শুক্রবার রাতের ম্যাচে ওয়েস্ট ব্রুম ২-১ গোলে হুড্ডারসফিল্ড টাউনের কাছে হারায় তাদের প্রিমিয়ার লিগে জায়গা পাকা হয়েছে। পয়েন্ট টেবিলে তারা শীর্ষে আছে। সামনের ম্যাচে তিনে থাকা ব্রেন্টফোর্ড যদি স্টোকসিটিকে হারাতে না পারে। কিংবা শেষ ম্যাচ থেকে লিডস এক পয়েন্ট পায় তবে দ্বিতীয় বিভাগের লিগে চ্যাম্পিয়ন হবে লিডস ইউনাইটেড।

গত মৌসুমে অল্পের জন্য প্রিমিয়ার লিগে ফেরা হয়নি লিডসের। শেষ দুই ম্যাচে উইগান এবং ব্রেনফোর্ডের কাছে হেরে টেবিলে তিনে ছিটকে যায় লিডস। তবে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিলসা এবার সেই ভুল করেননি। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় মৌসুমে ঠিকই লিডসকে আবার প্রিমিয়ার লিগে উন্নীত করেছেন।

ফুটবলের ভালো ট্যাকটেশিয়ান হিসেবে আর্জেন্টাইন বিলসার সুনাম আছে। ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা, টটেনহ্যামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোরা তার কোচিং দর্শনের বড় ভক্ত। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা, চিলি, অ্যাথলেটিকো বিলবাও, ল্যাজিও মার্সেইর মতো দলের কোচিং করিয়েছেন। তার হাত ধরেই আবার প্রিমিয়ার লিগে ফিরল লিডস ইউনাইটেড।

ইংল্যান্ডের অন্যতম পুরনো ক্লাবগুলোর একটি লিডস। গত বছর তাদের প্রতিষ্ঠার একশ’ বছর পূর্তি হয়েছে। ২০০৪ মৌসুমে তারা দ্বিতীয় বিভাগে নেমে যায়। অথচ ওই ক্লাবটা ২০০১ সালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলেছে। শুধু তাই নয় তিনটি প্রিমিয়ার লিগ ছাড়াও লিডস জিতেছে একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড।

১৯৭৫ সালে তারা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউরোপিয়ান কাপের ফাইনালও খেলেছে। ১৯৭৩ সালে খেলেছে ইউরোপা কাপের ফাইনাল। তবে চ্যাম্পিয়ন হতে পারিনি। আবার প্রিমিয়ার লিগ উন্নীত হওয়া লিডস এবার তাদের টিকে থাকা নিশ্চিত করতে চাইবে আগে। এরপর আস্তে আস্তে পুরনো ঐতিহ্যে ফেরার লড়াই। দীর্ঘদিন দ্বিতীয় বিভাগে থেকে তাদের আর্থিক কাঠামো ভেঙে পড়েছে। ইংলিশ লিগের অর্থের ঝনঝনানিতে তাদের এখন টিকে থাকাই বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

×