ব্রডের ১ উইকেটের অপেক্ষা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০১:২৮
স্টুয়ার্ট ব্রডের তোপে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা ক্যারিবীয়দের। এ অবস্থায় মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ইনজুরি। স্লিপে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার।
শুশ্রূষা নিয়ে তিনি মাঠে ফিরলেও শ্যানন গ্যাব্রিয়েলের একটি বল ধরতে গিয়ে ঠোঁটে চোট পেয়ে তৃতীয় টেস্ট শেষ হয়ে গেছে উইকেটকিপার শন ডরিচের। অবশ্য তার আগেই এই টেস্ট থেকে ক্যারিবীয়দের প্রায় ছিটকে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড।
ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার। ইংল্যান্ডের ৩৬৯ রানের জবাব দিতে নেমে কোনো রকমে ফলোঅন এড়ালেও ব্রডের বিধ্বংসী বোলিংয়ে ১৯৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
এরপর ১৭২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। লিড বাড়িয়ে নেয় ৩৯৮। দলের হয়ে ওপেনার ররি বার্নস ৯১ রান করেন। অন্য ওপেনার ডমিনিক সিবলি করেন ৫৬ রান। তিনে নামা জো রুট ৫৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে তৃতীয় দিনের শেষ বেলায় ইনিংস ঘোষণা করেন।
কিন্তু ব্রডের তোপে দিনের শেষ ৬ ওভারও ঠিক মতো পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১০ রানে দুই উইকেট তুলে নেন ইংল্যান্ড পেসার। এখন টেস্টে পাঁচশ উইকেট হতে তার মাত্র এক উইকেট দরকার।
এর আগে প্রথম ইনিংসে ফলোঅন এড়ানোর পরই দারুণ এক ডেলিভারিতে হোল্ডারকে এলবির ফাঁদে ফেলেন ব্রড। দীর্ঘদেহি রাকিম কর্নওয়ালও তার বলে একইভাবে আউট হন। ওই ওভারেই কেমার রোচ স্লিপে ক্যাচ দিলে পাঁচ উইকেট হয়ে যায় ৩৪ বছর বয়েসী ব্রডের। এ পেসারের পরের ওভারে শন ডরিচও ক্যাচ দিলে দুইশ' পেরোনোর আশা শেষ হয়ে যায় ক্যারিবীয়দের।