অ্যাপে বিভ্রাট সারাতে পরীক্ষিত ৫ কৌশল
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৩
| প্রিন্ট সংস্করণ
নিজস্ব চ্যাট থেকে শুরু করে ছবি, ভিডিও, ডকুমেন্ট পাঠানো– এসবে পুরোদস্তুর কাজে আসে হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেক সময় এতে প্রবেশ করতে গেলেই অ্যাপটি বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার হুটহাট ক্র্যাশ করে। এর ফলে ওই সময় মেসেজ দেখা বা কাউকে মেসেজ পাঠানো বেশ কঠিন হয়ে পড়ে।
কয়েকটি সহজ কৌশল জেনে এসব সমস্যা
অনেক ক্ষেত্রে সমাধান করা সম্ভব।
রিস্টার্ট থেকে সমাধান
হুট করে অ্যাপটি বন্ধ হয়ে গেলে প্রথমেই ফোন রিস্টার্ট করে দেখতে হবে সমস্যার সমাধান হলো কিনা। ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কোনো সাময়িক সমস্যা বা সফটওয়্যারজনিত ত্রুটির কারণে অ্যাপ অনেক সময় ক্র্যাশ করে। ডিভাইস পুরোপুরি বন্ধ করে পুনরায় চালু করলে এ ধরনের অস্থায়ী সমস্যা থেকে অনেক ক্ষেত্রে সুরাহা পাওয়া যায়।
ক্যাশ পরিষ্কার
দীর্ঘদিন ব্যবহার করলে অ্যাপের ক্যাশে বেশ কিছু অস্থায়ী ফাইল জমে যেতে পারে। অ্যান্ড্রয়েড সংস্করণের ফোনে সেটিংস থেকে অ্যাপস বা অ্যাপের তালিকায় গিয়ে হোয়াটসঅ্যাপ বেছে নিতে হবে। এই অংশে ক্লিয়ার ক্যাশ অপশনে কমান্ড দিতে হবে। এতে অস্থায়ী ক্যাশ ফাইল মুছে যাবে। কিন্তু ক্লিয়ার ডেটা দেওয়ার আগে সতর্ক হতে হবে। কারণ, এতে অ্যাপের সংরক্ষিত তথ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পুরোনো সমস্যা থেকে গেলে
এই অ্যাপে পুরোনো সংস্করণের কোনো সফটওয়্যার সমস্যা থাকলেও অ্যাপ ক্র্যাশ করতে পারে। তাই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর খুলে এই অ্যাপের কোনো নতুন আপডেট রয়েছে কিনা, তা যাচাই করতে হবে। আপডেট থাকলে সেটি ইনস্টল করার প্রয়োজন আছে। নতুন আপডেটে অনেক সময় পুরোনো বাগ বা ত্রুটি ঠিক করা হয়।
জায়গা লাগবে
ডিভাইসের স্টোরেজ পরিপূর্ণ হয়ে গেলে অ্যাপে ঠিকমতো কাজ করতে সমস্যা হতে পারে।
তাই প্রয়োজন নেই এমন ছবি, ভিডিও বা
ব্যবহার না করা অ্যাপ মুছে কিছুটা জায়গা
খালি করে নেওয়া যেতে পারে।
পুনরায় ইনস্টল
ওপরের কোনো পদ্ধতিতেই সমস্যা না মিটলে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করার
চেষ্টা করতে পারেন। তবে এটি করার আগে সম্ভব হলে জরুরি চ্যাটের ব্যাকআপ নিয়ে নিতে হবে। এরপর অ্যাপটি পুনরায় ইনস্টল করে অ্যাকাউন্টে লগইন করলেই মিলবে সমাধান।
- বিষয় :
- প্রযুক্তি