নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনাকারী আ.লীগ নেতার ছোট ভাই গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২ | ১৩:৩৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ | ১৩:৩৬
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমানকে প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে শরীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদ সাদত বাবুকে (৫০) গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার রাত ১১টায় নগরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী খোকনের ছোট ভাই। ওয়াজেদ আলী খোকনের বিরুদ্ধেও দুদকের মামলা চলমান।
বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শাহ জামান।
এর আগে গত রোববার দুপুরে স্কুল ছুটির প্রাক্কালে ভর্তি বাণিজ্যে সুবিধা করতে না পেরে ম্যানেজিং কমিটির ক্ষুব্ধ দুই সদস্য সরকার আলম ও ওয়াহেদ সাদত বাবু প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনেই স্কুল মাঠে সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমানকে লাঞ্ছিত করেন। এরপর টিচার্স রুমে গিয়েও ওই দুই সদস্য শিক্ষকের দাড়ি ছিড়ে ফেলা ও হাতের কব্জি কেটে ফেলার হুমকি দেন।
এ ঘটনার পর থেকে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা ধারাবাহিক ভাবে ক্লাশ বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন। বুধবারও দিনভর স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অপরাধীদের বিচারের দাবিতে স্কুলে বিক্ষোভ করেন। এদিন বিকেলে স্বাধীনতা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অভিযুক্তদের শাস্তি ও ম্যানেজিং কমিটি থেকে বহিস্কার দাবি করেন।