চট্টগ্রামে ছাত্রদলের সভায় মারামারি, পুলিশের গুলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:২৯
চট্টগ্রামে ছাত্রদলের ডাকা কর্মসূচিতে দু'পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাজীর দেউরী সংলগ্ন নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে ছাত্রদলের নগর কমিটিসহ বিভিন্ন ইউনিট কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছররা গুলি ছোড়ে। এতে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহসাহ ছয় থেকে সাত নেতা আহত হন। এ সময় দলীয় কার্যালয় থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ পাঁচ নেতাকে আটক করে পুলিশ।
পুলিশ বলছে, তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালালে পরিস্থিতি সামাল দিতে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। তবে ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, সভায় কোনো মারামারির ঘটনা ঘটেনি। বিনা উস্কানিতে তাদের ওপর হামলা এবং গুলি ছুড়েছে পুলিশ।
আটক নেতারা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম সর্দার ও সহসাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন নিলয়, চট্টগ্রাম নগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ঢাকা মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. বেলাল। তবে পুলিশ গাজী সিরাজউল্লাহকে আটক করলেও কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
আহতরা হলেন- নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ, সিনিয়র সহসভাপতি মাঈনদ্দিন মো. শহীদ, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান ও নগর ছাত্রদল নেতা শওকত। এ ছাড়া আরও দু-তিন নেতাকর্মী আহত হন।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানিয়েছেন, ছাত্রদল নেতারা নগর শাখার কমিটি গঠন নিয়ে সভা করছিলেন। সেখানে নিজেরা মারামারি করেন ও ককটেল বিষ্ফোরণ ঘটান। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুটি অবিষ্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।
ঘটনা সম্পর্কে কোতোয়ালি থানার ওসি মো. মহসিন সমকালকে বলেন, 'ছাত্রদলের মারামারি থামাতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। বাধ্য হয়ে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়েছে।
তবে নগর বিএনপির সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস সমকালকে বলেন, 'শান্তিপূর্ণভাবে সভার কাজ চলছিল। পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। গুলি ছুড়েছে। ছাত্রদল নেতাদের আটক করেছে।'
- বিষয় :
- মারামারি
- ছাত্রদল
- চট্টগ্রাম
- পুলিশের গুলি
