ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামে নাগরিক সমাবেশে বক্তারা

আদিবাসীদের ভূমির পূর্ণ অধিকার ফিরিয়ে দিন

আদিবাসীদের ভূমির পূর্ণ অধিকার ফিরিয়ে দিন
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২২ | ১০:৫৮ | আপডেট: ০৩ জুন ২০২২ | ১০:৫৮

লামায় রাবার বাগানের নামে দখল করা জমিসহ আদিবাসীদের সব জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। শুক্রবার নগরের চেরাগি মোড়ে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পরিবেশবাদী নাগরিক সংগঠন পিপল'স ভয়েস ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এ আয়োজন করে। সমাবেশে আদিবাসীদের সঙ্গে সংহতি জানান চট্টগ্রামের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আলাউদ্দিন বলেন, এ লজ্জা সরকারের, যারা দুই দশক আগে চুক্তি করেছে। যার জমি তাকে ফিরিয়ে দিতে হবে। সকল অর্জন ব্যর্থ হবে যদি আদিবাসীদের অধিকার আমরা রক্ষা করতে না পারি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, একাত্তরে প্রাণ দিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল এ প্রত্যাশায় যে দেশে কোনো শোষণ নিপীড়ন থাকবে না। কিন্তু নিষ্ঠুর পুঁজিবাদ আর মুনাফাখোরদের হাতে মানুষ আজ বন্দি। নিজ দেশে পরবাসী পাহাড়ের মানুষ।

সিপিবি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক অশোক সাহা বলেন, সমতলে যেমন পাহাড়েও তেমনি নানা নির্যাতন আছে। পাহাড়ে চলছে ভূমি দস্যুতা। ভূমিদস্যুরা এখন রাজনীতি করে বড় চেয়ারে চলে যায়। এই অন্যায়ের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি তাপস হোড় বলেন, মুক্তিযুদ্ধের এই দেশে কারও দাম্ভিকতাকে মানুষ বরদাশত করবে না। রাষ্ট্র যদি নাগরিকের ওপর নির্যাতন করে তবে নাগরিকরা প্রতিবাদ করতে সংগঠিত হতেই পারে।

পিপল'স ভয়েস সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সুপ্রিয় তংচংগ্যার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নাট্যজন প্রদীপ দেওয়ানজি, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, পিসিপি ছাত্র পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক বিনিময় চাকমা, সিআরবি রক্ষা মঞ্চের মহিম উদ্দিন, ব্রাইট ফোরাম ফর বাংলাদেশের উৎপল বড়ূয়া, লেখক শিপ্রা দাশ, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তং প্রং ম্রো, ত্রিপুরা কল্যাণ ফোরামের সভাপতি সুরেশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম চট্টগ্রামের সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা, চবি ছাত্র নরেশ চাকমা, লাংকম পাড়ার কারবারি লাংকম, পাড়াবাসী ইয় চং ম্রো ও ঢেংগে ছড়া নতুন পাড়ার কারবারি রেংয়েন।

আরও পড়ুন

×