ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
×

ছবি: সমকাল

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ০০:২৩ | আপডেট: ২৬ জুলাই ২০২২ | ০০:২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) টিলায় শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ইফরাতুল হাসান রাহিম বলেন, ‘বুলবুলের হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুলবুলের পরিবারের ব্যয়ভার বহন করার ব্যাপারে সুষ্পষ্ট বক্তব্য আশা করছি।’

এছাড়া তিনি আরও বলেন, ‘বুলবুল হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য কতটা অনিরাপদ। তাই আমরা অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছি।’

বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি নরসিংদী জেলায়। শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনের টিলার পাশে ছুরিকাঘাতে পড়ে থাকেন। পরে শিক্ষার্থীরা উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে নেন এবং পরে তাকে এমএজি ওসমানী মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যার ঘটনার পরে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। অন্যদিকে শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে কথা বললে তারা অবরোধ তুলে নেন।

শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র সমকালকে জানান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার উত্তর আজবাহার আলী শেখ গতকাল সোমবার রাতে সমকালকে বলেন, তদন্ত শেষে জানতে পারবো। তবে ছেলেটির সঙ্গে থাকা সহপাঠী বলেন, তিনজন ব্যক্তি এসে তাকে ডেকে মোবাইল মানিব্যাগ চায়। এটা নেওয়ার সময় ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন

×