মাদক নিয়ে বিরোধের জেরে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২২ | ১০:০৫ | আপডেট: ০৯ আগস্ট ২০২২ | ১০:০৫
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসের চাপায় তায়েব মিয়া (২২) নামে এক বাসশ্রমিক নিহত হয়েছেন। মাদক নিয়ে বিরোধের জেরে বাসচাপা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব পৌর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তায়েব মিয়া নেত্রকোনা জেলায় কামাল মিয়ার ছেলে। তিনি ঢাকা-মহাখালী রোডের চলনবিল বাস সার্ভিসের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব পৌর বাসস্ট্যান্ডে ঢোকার সময় আরাকান পরিবহনের একটি বাস তায়েবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক বাসের চালক জামান পালিয়ে যান।
নিহত তায়েবের মামা কাজল মিয়া অভিযোগ করেন, তায়েব ও বাসের চালক জামান দুই জনই মাদকাসক্ত ছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই বাসের নিচে চাপা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে জামান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
