চার মাস বয়সী শিশুকে বিক্রি করে দিল বাবা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৯
ঝাড়ফুঁকের জন্য হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিজের ছেলেকে বিক্রি করে দিলেন এক বাবা। পাঁচ দিন আগে নগরের চান্দগাঁও বরিশাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে শিশুটির বাবা মোহাম্মদ ইসহাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাঙামাটি জেলার কাউখালীর ইসহাক স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন বরিশাল বাজারের মঞ্জু কলোনিতে। অভিযুক্ত অন্য চারজন হলেন- রোজী আক্তার, নাজমা আক্তার, কামাল হোসেন ও নাছিমা আক্তার।
চান্দগাঁও থানার উপপরিদর্শক কাজল সরকার সমকালকে বলেন, গত ১২ ফেব্রুয়ারি হুজুরের কাছে নেওয়ার কথা বলে শিশুটিকে মার কাছ থেকে নিয়ে যান ইসহাক। এ ঘটনায় শিশুটির মা তামান্না সুলতানা কুমকুম বাদী হয়ে মামলা করলে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেন তার বাবা। রোজী আক্তারের কাছে বিক্রি করা হলেও হাতবদল হয়ে শিশুটি রাউজানের নাসিমার হাতে গিয়ে পৌঁছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
- বিষয় :
- সন্তান বিক্রি
- চট্টগ্রাম
- গ্রেপ্তার
