ট্রলিকে সাইড দিতে গিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মামুন মিয়া
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১৪ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মামুন মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরব্যাপারীহাট কদমতলা এলাকায় নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মামুন নাগেশ্বরী পৌরসভা এলাকার মাছুরখামার গ্রামের আবুবক্করের ছেলে। তিনি নাগেশ্বরী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই বন্ধু মামুন মিয়া ও তৈয়ব আলী মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি সন্তোষপুর ইউনিয়নের কদমতলায় পৌঁছলে একটি ট্রলিকে সাইড দিতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে দুজনই গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। আহত আরেকজনের অবস্থাও গুরুতর।
