সরকারের উন্নয়নের বার্তা দিতে সরিষাবাড়ীতে নারী সমাবেশ
চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য দেন ফজলুল হক। ছবি: সমকাল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৭:৩৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৯:৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে পৌঁছে দিতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক বলেন, আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। গত ১৫ বছরের উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের উন্নয়ন দেশব্যাপী কাজ করে যাচ্ছেন তিনি। এ সময় আগামী নির্বাচনে শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান ফজলুল হক।
ডোয়াইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি তাসলিমা আক্তার লিপির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, সদস্য অজয় কুমার ভৌমিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কল্পনা আক্তার, আওয়ামী লীগ নেত্রী সুফিয়া সুলতানা সুরমাসহ স্থানীয় নেতাকর্মীরা।
