সিলেট বিভাগে এক দিনে রেকর্ড আক্রান্ত
সিলেট ব্যুরেো
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৬:২৬
সিলেট বিভাগে এক দিনে রেকর্ড সর্বোচ্চ ৬৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের নিয়ে বিভাগের চার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জন। শুক্রবার আইইডিসিআর থেকে নতুন আক্রান্তদের কথা জানানো হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
ডা. আনিসুর রহমান বলেন, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে অতিরিক্ত চাপ পড়ায় সম্প্রতি বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার ফোনে আমাদের ৬৬ জনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কোন জেলার কতজন; তা এখনও বের করা যায়নি। রাতে ঢাকা থেকে ই-মেইল আসলে তা বলা যাবে।
এদিকে নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের ১২ জন রয়েছেন বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, সনাক্ত হওয়াদের মধ্যে বানিয়াচংয়ের ১ জন, বাহুবল ১ জন, চুনারুঘাট ১ জন, মাধবপুর ৩ জন, নবীগঞ্জ ৫ জন ও সদরে ১ জন রয়েছেন। এদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ২ জন; যাদের বয়স ১৪ থেকে ৫১ এর মধ্যে।
শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের রিপোর্ট পাওয়া যাবে।