ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সিলেটে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ

সিলেটে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ মে ২০২০ | ০৭:৩১

সিলেটে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রকিব তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা আড়াইটা থেকে প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল সড়কের সোনারপাড়া সড়কে অবস্থান নিয়ে শত শত নারী-পুরুষ বিক্ষোভ করেন। এ সময় কাউন্সিলর তুহিনের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেন বিক্ষোভকারীরা। এই খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, কাউন্সিলর তুহিন তাদের এলাকার গরীব লোকজনকে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রেখেছেন। বারবার ধর্ণা দেওয়ার পরও তিনি ত্রাণ দিতে অস্বীকৃতি জানান। সরকার থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হলেও কাউন্সিলর ইচ্ছেমত তা বিতরণ করছেন। ওয়ার্ডের অন্য এলাকায় ত্রাণ দেওয়া হলে তাদের এলাকায় কোন সহায়তা দেওয়া হয়নি। 

এ ব্যাপারে কাউন্সিলর আব্দুর রকিব তুহিন জানান, ইতোমধ্যে সিটি করপোরেশনের ‘খাদ্য ফান্ড’ থেকে প্রাপ্ত ত্রাণ প্রায় দুই হাজার ৭শ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে সরকার থেকে খাদ্য সহায়তা বাবত যে চাল আসছে, তা বন্টন করা হচ্ছে। তিনি দাবি করেন, তার ওয়ার্ডে ৩০ টন চাহিদার বিপরীতে এখন পর্যন্ত ৮ টন চাল পেয়েছেন। ফলে সব এলাকায় এক সঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। 

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, করপোরেশন থেকে কাউন্সিলররা চাল পাওয়ার পর তা ওজন দিয়ে প্যাকেট করে বিতরণ করতে হয়। এতে চাল বিতরণ করতে কিছুটা সময় লাগে। তাই এক সঙ্গে পুরো ওয়ার্ডে চাল বিতরণ সম্ভব নয়। বিক্ষোভকারীরা সেটা বুঝতে চাইছেন না। পরে তাদের আগামী রোববার চাল দেওয়ার আশ্বাস দেওয়ায় তারা শান্ত হন।

আরও পড়ুন

×