কালুখালীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২০ | ১০:৪৭
রাজবাড়ীর কালুখালীতে করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিষয়সাওরাইল গ্রামে নিজ গ্রামে মারা যান আলিমুদ্দিন শেখ নামের ওই ব্যক্তি। পেশায় তিনি ছিলেন একজন চা দোকানি।
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে আলিমুদ্দিন জ্বর, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন। এলাকার গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে তিনি চিকিৎসা নেন। শুক্রবার সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালালউদ্দিন জানান, খবর পেয়ে সেখানে মেডিকেল অফিসার পাঠানো হয়। যেহেতু করোনার বিস্তার সামাজিক পর্যায়ে পৌঁছে গেছে এবং করোনার লক্ষণ নিয়ে তার মৃত্যু হয়েছে সেকারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি জানান, বিষয়টি পর্যবেক্ষণ করে তার পরিবারকে পরবর্তী নির্দেশনা দেয়া হবে। ধর্মীয় সকল নিয়ম নীতি অনুসরণ করে কম সংখ্যক ব্যক্তি দিয়ে মৃত ব্যক্তির দাফনের জন্য বলা হয়েছে।
- বিষয় :
- কালুখালী
- করোনাভাইরাস