শিবচরে অবৈধ সেমাই কারখানা সিলগালা
শিবচরে অবৈধ সেমাই কারখানা সিলগালা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ২২:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাদারীপুরের শিবচরে একটি অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অপরাধে কারখানাটি সিলগালা করা হয়েছে। এ সময় মালিককে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসানের নেতৃত্বে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট এলাকার ফটিক মোল্লার মালিকানাধীন একটি অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অনুমোদনহীন কারখানা স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক কারখানাটি সিলগালা করে মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দ করা প্রায় এক মণ সেমাই ও সেমাই তৈরির কাঁচামাল নষ্ট করে ফেলে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান বলেন, লাইসেন্সবিহীন এ কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বিপণন করা হতো। আমরা কারখানাটি সিলগালা করে বন্ধ করে দিয়েছি ও মালিককে জরিমানা করা হয়েছে।