পিরোজপুরে ২৩১টি সাইক্লোন সেল্টার প্রস্তুত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০১:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঘূর্ণিঝড় 'আম্পান' মোকাবিলায় পিরোজপুরে ইতিমধ্যে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার ৭টি উপজেলায় ২৩১টি ঘূর্ণিঝড় সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
এসব সাইক্লোন সেল্টারে ২ লাখ ৩২ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। তবে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ থাকায় প্রয়োজনবোধে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হবে। যাতে করে মানুষ শারীরিক দূরত্ব বজায় রেখে সেখানে অবস্থান করতে পারে।
পিরোজপুরে জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে কন্টোল রুম। এছাড়া জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠনসহ জেলায় ৬০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু আলী সাজ্জাদ হোসেন জানান, দুর্যোগ মোকাবিলায় পিরোজপুরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।