ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ আরও দু’জনের করোনা শনাক্ত

খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ আরও দু’জনের করোনা শনাক্ত
×

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০১:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন নুপুর কান্তি দাশ। এ নিয়ে খাগড়াছড়িতে মোট আক্রান্ত হলেন ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ জন। এমন পরিস্থিতিতে ফের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি উপজেলায় করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের কাজ করতেন। গত ১৪ মে তার নিজের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠান। সোমবার রাতে রিপোর্ট আসে পজিটিভ। 

সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যকর্মী আক্রান্তের ঘটনায় রামগড়ে আরও করোনা রোগী থাকার আশঙ্কা দেখা দিয়েছে। তার সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা পরীক্ষা করা হবে। নতুন আক্রান্ত অন্যজন জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম ফেরত। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। 

এ দিকে সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার রাত ১২টার পর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলায় আবারও লকডাউন জারি করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তিনি জানান, এ সময়ে জরুরি পরিষেবা ছাড়া অন্য কাউকে জেলার তিনটি প্রবেশমুখ দিয়ে ঢুকতে-বেরোতে দেওয়া হবে না। রামগড়-মহালছড়ি ও মানিকছড়িতে চেকপোস্ট দিয়ে গমনাগমন নিয়ন্ত্রণ করা হবে। তাছাড়া জেলার ভেতরেও এক উপজেলা থেকে অন্য উপজেলায় কেউ চলাচল করতে পারবেন না।

আরও পড়ুন

×