সুনামগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১০:৫৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১১:১৮
নিরাপদ খাদ্য আইনে সুনামগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল রোববার অভিযোগ আমলে নিয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন অভিযুক্ত মো. তৌহিদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ২৬, ৩২ (ক), ৩২ (গ) এবং ৩৯ ধারায় শহরের ডিএস রোড এলাকার মেসার্স মাছুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি মো. তৌহিদুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।
জানা যায়, ট্রেড লাইসেন্স ও বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত সম্পূর্ণ বেআইনিভাবে নিম্নমানের ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেকারি পণ্য উৎপাদন, মজুদ, বিক্রয়, নিম্নমানের নন ফুড গেট প্লাস্টিকের মাধ্যমে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বেকারি পণ্য প্যাকেটজাত করা, প্যাকেটের গায়ে পণ্যের মান, পুষ্টিগুণ ও মেয়াদ সম্পর্কে অনুমোদিত এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী যথাযথ তথ্য উল্লেখ না করার অভিযোগ করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।
- বিষয় :
- সুনামগঞ্জ
- নিরাপদ খাদ্য
