ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে বেঁধে রাখলো পরিবার, সকালে মিলল লাশ

মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে বেঁধে রাখলো পরিবার, সকালে মিলল লাশ
×

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০১:২৮

চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন মো. জয়নাব আলী সাকু (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ননাইয়ার মা'র ঘাট এলাকার অছি মিয়া মাঝির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাকু ওই এলাকার মো. আবু সৈয়দের মেঝ ছেলে। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।

তিনি জানান, গত দুইদিন আগে তার বাবাকে মারধর করে আহত করেছিলেন সাকু। এনিয়ে পারিবারিকভাবে কলহের সৃষ্টি হয়। সাকু মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।

চেয়ারম্যান বলেন, মারধর ও উৎশৃঙ্খল আচরণ করায় পরিবারের সদস্যরা সাকুকে পিটিয়ে দড়ি দিয়ে ঘরে বেঁধে রেখেছিলেন। সকালে সাকুকে ডাকতে গেলে দেখা যায় তিনি মৃত।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হবে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×