ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জকিগঞ্জে ৩৪৫ প্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থী নিয়ে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি আয়োজন

জকিগঞ্জে ৩৪৫ প্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থী নিয়ে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি আয়োজন
×

ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২১:১৮

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগেই শতশত পরীক্ষার্থী কেন্দ্রে হাজির। কেউ এসেছে অভিভাবকের সাথে, কেউ বা শিক্ষকের সাথে। গ্রামীণ জনপদে বৃত্তি পরীক্ষার এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। কিন্তু ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর আয়োজনটা ভিন্ন। সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় শিক্ষা ও মানবসেবার উন্নয়নে প্রতিষ্ঠিত ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় শুক্রবার উৎসবমুখর হয়ে উঠে তিনটি পরীক্ষা কেন্দ্র। প্রতি বছরের মতো এবারও বড় পরিসরে জকিগঞ্জের ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর আয়োজন করে। এতে দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক ৩৪৫টি স্কুলের প্রায় ৫ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় বসেছে। প্রথম দিন শুক্রবার প্রাথমিকের ২৫৪টি স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার ৯১টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। উপজেলার জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, বারহাল এইিয়া উচ্চ বিদ্যালয় ও শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে একসাথে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ব্যাগ দেয় কর্তৃপক্ষ।

পরীক্ষা পরিদর্শন করেন শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ সিদ্দিক, ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, সচিব প্রধান শিক্ষক সাব্বির প্রমুখ। এ সময় অধ্যাপক আশরাফ সিদ্দিক বলেন, উপজেলা পর্যায়ে এ রকম বৃত্তি আয়োজন তেমন দেখা যায় না। গ্রামীণ জনপদে শিক্ষাকে এগিয়ে নিতে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের আয়োজন উৎসাহমূলক। 

ট্রাস্টের সচিব প্রধান সাব্বির আহমদ জানিয়েছেন, ১০০ নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। ৮০ ও এর বেশি নম্বর প্রাপ্তরা এককালীন ২ হাজার ৫শ টাকা, ৭০-৭৯ নম্বর প্রাপ্তরা এককালীন ২ হাজার টাকা, ৬০-৬৯ নাম্বার প্রাপ্তরা এককালীন দেড় হাজার টাকা করে পাবে। এছাড়া প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব ও বিশেষ মেধা সম্মাননা হিসেবে ২৪ জনের মধ্য থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৬ জন শিক্ষার্থীর বাবাকে ক্রেস্ট প্রদান করা হবে। তিনি জানান, প্রাথমিক স্তরের ১০টি ও মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

ট্রাস্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ফাহিম আল ট্রাস্ট ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে দেবে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইছহাক চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে ২০০২ সাল থেকে দুই উপজেলায় মানবিক সেবা, উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে ব্যয় করে আসছেন। ব্যক্তিগত অর্থায়নে তিনি কাজ করে যাচ্ছেন এলাকার শিক্ষা ও উন্নয়নে। তিনি ১০ কোটি টাকা ট্রাস্টে প্রদান করেছেন।
 

আরও পড়ুন

×