মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
হামলায় আহত ছাত্রলীগ নেতা- সমকাল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৮:০০
মিরসরাইয়ে রুবেল হোসেন নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে মিরসরাই থানার ২০০ গজ দূরে উত্তর অছিমিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার ওপর আবারও হামলা চালায় সন্ত্রাসী। পরে পুলিশ পাহারায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। রুবেল হোসেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
রুবেল হোসেনের মামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজদ্দৌলা জানান, রুবেলকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি সেবা হাসপাতালে ছুটে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পথে কিছু ছেলে লাঠিসোটা নিয়ে আবারও হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখনও সে শঙ্কামুক্ত নন বলে জানান তিনি। তবে তিনি কি কারণে বা কারা হামলা চালিয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘এটি বিক্ষিপ্ত একটি ঘটনা। আমরা বিষয়টি দেখছি’।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে কেউ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।