নারী গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার আসামী চাঁদপুর থেকে গ্রেপ্তার
র্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষক মো. আমির হোসেন- সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৮:৫১ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ০৯:২১
গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার প্রধান আসামীকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার রাতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল এলাকা থেকে আমির হোসেন (৩৬) নামে ওই ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়।
আমির হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার আলীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
সোমবার গ্রেফতারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান কুমিল্লার র্যাব ১১- সিপিসি-২ এর সিনিয়র এএসপি মহিতুল ইসলাম। তিনি জানান, ২৬ এবং ২৭ মে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার আলীপুর গ্রামের আমির হোসেন তার পরিত্যক্ত টিনশেডের বসত ঘরে রেখে এক গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে ভুক্তভোগী গার্মেন্টসকর্মী বাদী হয়ে গত ১৩ জুলাই সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি তৈরি করে। ঘটনার পর থেকেই ধর্ষক মো. আমির হোসেন পলাতক ছিল। সে বিগত কয়েকদিন ধরে চাঁদপুরের কচুয়াতে বাসা ভাড়া করে থাকতো এবং দিন মজুরের কাজ করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের কথা স্বীকার করেন। আমির হোসেনকে গ্রেপ্তারের পর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।