লালমোহনে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শাওন
সোমবার সকালে লালমোহনে মাছের পোনা অবমুক্ত করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন- সমকাল
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ১০:১০ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ১০:২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ, লালমোহন থানা ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমিষের চাহিাদা মেটাতে মাছের বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সমৃদ্ধ হয়েছে। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষকালে মাছ চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাগাতে হবে।
এ সময় লালমোহন ও তজুমদ্দিনের ২০টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি। এছাড়া তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন এমপি শাওন।
এসব কর্মসূচিতে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।