জামালপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
জামালপুর ও রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৬:৪৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১৭:০৫
জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরি ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় তাদের।
নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। আর সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া এলাকার স্বাধীন ইসলামের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয়রা জানান, বুধবার সকালে শামীম মিয়া দশানী নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে সাপধরি ইন্দুল্লামারি এলাকায় সড়কে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সাগর ইসলাম।
অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রমজতকোল গ্রামে বজ্রপাতে সুমন আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা চার বছরের মেয়ে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন একই গ্রামের সাদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা শয়ন সিকদার জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। এক মাস যাবৎ তিনি বাড়িতেই ছিলেন। সকালে তার মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে সওদা কিনতে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তার মেয়ে কোলে থেকে ছিটকে মাটিতে পড়ে সামান্য আহত হয়। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন।
শিশু সাফিয়া বর্তমানে সুস্থ আছে বলে জানান তিনি।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
- বিষয় :
- জামালপুর
- রাজবাড়ী
- বজ্রপাতে মৃত্যু
