বেহাল চুনারুঘাট-নতুন ব্রিজ সড়কে চরম জনদুর্ভোগ
খানাখন্দে ভরা হবিগঞ্জের চুনারুঘাট-নতুন ব্রিজ আঞ্চলিক সড়ক সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাট-নতুন ব্রিজ আঞ্চলিক সড়কটি এখন খানাখন্দে ভরা এক বেহাল সড়কে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে শুরু করে চুনারুঘাট পর্যন্ত সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে নতুন ব্রিজ সংলগ্ন আধা কিলোমিটার চলাচলের অনুপযোগী।
স্থানীয় বাসিন্দারা জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের মধ্যে অন্তত এক কিলোমিটারের অবস্থা খুবই নাজুক। এই সড়কটি ব্যবহার করেই প্রতিদিন চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ, জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে শত শত যানবাহন চলাচল করে।
স্থানীয় ব্যবসায়ী নজরুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল দশা থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। মাঝে মধ্যে কিছু ইটের খোয়া ফেলা হলেও প্রথম বৃষ্টিতেই তা ধুয়ে চলে যায়।
অটোরিকশা চালক মজনু মিয়া বলেন, এই রাস্তায় গাড়ি চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া। প্রতিদিন গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
নতুন ব্রিজের পার্শ্ববর্তী অংশটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্থানীয় বাসিন্দা মোতাব্বির হোসেন এবং কলেজছাত্র রফিকুল আলম জানান, খানাখন্দের কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। যে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি সংস্কার করা জরুরি।
এ বিষয়ে ইউএনও গালিব চৌধুরী বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। আশা করছি তারা দ্রুত ব্যবস্থা নেবেন।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, সড়কের কিছু কিছু অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি মেরামত করা হবে।
- বিষয় :
- সড়ক
