ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সৌদিতে থেকেও সোনাইমুড়িতে যুবলীগের মিছিলের মামলায় আসামি ইলিয়াস

সৌদিতে থেকেও সোনাইমুড়িতে যুবলীগের মিছিলের মামলায় আসামি ইলিয়াস
×

মো. আমির হোসেন ওরফে ইলিয়াস

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:৩৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:৩৪

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার আট দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি মামলায় আসামি হয়েছেন মো. আমির হোসেন ওরফে ইলিয়াস (৩৯) নামের এক যুবক। তার দাবি, মামলায় যে সময়ের ঘটনার কথা বলা হয়েছে, তখন তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছিলেন।

ইলিয়াস সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবিরপাড়া-শোকরপুর গ্রামের নতুন বাড়ির শামছুল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর ইলিয়াস সৌদি আরবে চলে যান। পরে চলতি বছরের ২০ মে ছুটিতে দেশে ফেরেন। এরপর গত ১২ সেপ্টেম্বর জীবিকার তাগিদে আবারও সৌদি আরবে যান। এর আট দিন পর ২০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় করা একটি মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

ইলিয়াস বলেন, একসময় আমি স্থানীয় যুবলীগের কর্মী ছিলাম। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী হাইওয়ে সড়কে আওয়ামী লীগের মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। অথচ ওই সময়ে আমি সৌদি আরবে অবস্থান করছিলাম।

ইলিয়াস অভিযোগ করেন, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি যোগাযোগ করে টাকা দাবি করেন। টাকা দিলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও তাকে জানানো হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×