ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২
×
×

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৬:৫২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ ৫ জন। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গতকাল বুধবার রাতে মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত নয়া খালের মুখ নামক এলাকার এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শান্তির বাজার এলাকার আহমদ নবীর ছেলে মো.রিয়াদ (১৮) ও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৭)। রিয়াদ পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং রিগেন গাজী গ্রুপে কর্মরত ছিলেন। 

আহতরা হলেন- উপজেলার পুরানগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনেয়াবাদ এলাকার পরিমল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার (২০), অটোরিকশাচালক চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের নাসির মোহাম্মদ, একই এলাকার আবদুর আমিরের ছেলে মো.বাহাদুর (২৬)। বাহাদুরকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও প্রণয়কে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই আহতের পরিচয় পাওয়া যায়নি। 

জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চন্দনাইশমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা দু’জন ঘটনাস্থলে নিহত হন। অপর ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে চমেক ও স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা ও সাতকানিয়া থানা পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।

আহত প্রণয় কর্মকার বলেন, ‘আমি ও রিয়াদ সিএনজিচালিত অটোরিকশাযোগে চন্দনাইশের বাইন্যাপুকুর এলাকায় একটি কাজে যাচ্ছিলাম। আমাদের অটোরিকশাটি নয়াখালের মুখ এলাকায় পৌঁছলে স্বাধীন ট্রাভেল পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আমাদের অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যান এবং ৫ যাত্রী আহত হন।’ 

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, বাসটি কেরানীহাট এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ছাড়াও নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×