বিএনপির ৬ নেতার বিরুদ্ধে আরেক নেতার মামলা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৬:২৪
বান্দরবান জেলা বিএনপির এক নেতাসহ লামা উপজেলা বিএনপির ৬ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে প্রতারণামূলক ও আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রচার এবং মানহানির অভিযোগে বৃহস্পতিবার উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন।
মামলায় অভিযুক্তরা হলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা (৪৫), উপজেলা বিএনপির মাম্যাচিং গ্রুপের সাংগঠনিক সম্পাদক এম রুহুল আমিন (৫৮), সভাপতি আবুদর রব (৬৫), সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন (৫০), সহসভাপতি আবু তাহের (৫২) ও সদস্য আরিফ চৌধুরী (৪০)। মামলার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।
মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা আমির হোসেন লামা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে অভিযুক্তরা তার ও তার সন্তানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হন। অভিযুক্তরা অবৈধভাবে ভিডিওচিত্র প্রদর্শন করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর অভিযুক্তদের যোগসাজসে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়াসহ দল থেকে বহিষ্কার করার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেন। এতে বিএনপি নেতা আমির হোসেনের ৩ কোটি টাকার সম্মানহানী হয়। বৃহস্পতিবার প্রতিকার চেয়ে বিএনপি নেতা আমির হোসেন উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০০৮ এর ২৩ (২) ২৫ (২)/২৬(২)/২৯(১)/৩৫ (২) ধারায় মামলা দায়ের করেন।
এর আগে গত মঙ্গলবার রাতে এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আমির হোসেন।
আদালতে ৬ বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য লামা থানাকে নির্দেশ দিয়েছেন।
