ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রোহিঙ্গা ফেরাতে কাজ করছে যুক্তরাজ্য: রবার্ট ডিকসন

রোহিঙ্গা ফেরাতে কাজ করছে যুক্তরাজ্য: রবার্ট ডিকসন
×

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন- ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১০:০৪

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাজ্য কাজ করছে। এ জন্য যুক্তরাজ্য সবসময় বাংলাদেশ সরকারের পাশে থাকবে। 

বুধবার সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপির) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

ডিকসন বলেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুই বছর ধরে যুক্তরাজ্য সব ধরনের সহয়তা দিচ্ছে। তাদের ফেরত পাঠাতে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাজ্য মিয়ানমারকে চাপ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো নিষ্ঠুরতার ঐতিহাসিক বিচার নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে শুরু হওয়ায় তারা সাধুবাদ জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশের মানুষের জন্য সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরের যে উদ্যোগ ও প্রচেষ্টা, তা সমাজের বঞ্চিত মানুষকে নতুন জীবন দান করেছে। পরে তিনি সিআরপির প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় সিআরপির প্রতিবন্ধী কর্মী ও শিশুদের চিত্রকর্ম অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেন শিল্পীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর। ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজডের (টিআরপি) সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রিফনটেইন, বাংলাদেশ এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন

×