অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর হুমকি, ২ লাখ টাকায় ধামাচাপা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ১০:৩৯ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ১০:৪৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতুক শিমুলতলী এলাকায় এক গৃহবধূর অশ্লীল ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সাগর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি জানাজানি হলে পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে দুই লাখ টাকায় গৃহবধূর সঙ্গে দফারফা করে ধামাচাপা দেওয়া হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগীর পরিবার।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এ ঘটনায়
লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত দুই মাস আগে কালিয়াকৈরের মেদী আশুলাই দেওয়ানপাড়ায় বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে স্বামী বাড়ি ছাড়তে বাধ্য করেন সাগর মিয়া। গত বুধবার সকালে লতিফপুর এলাকায় একটি ভাড়া কক্ষে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওই গৃহবধূ ও সাগরকে আটক করেন এলাকাবাসী। এ সময় স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমানকে খবর দিয়ে তার জিম্মায় দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে মেম্বার ও স্থানীয় কয়েকজন মাতব্বর মিলে কৌশলে দুই পরিবারকে সঙ্গে নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক করেন। এ সময় সাগরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা আদায় করা হয়। বাকি দেড় লাখ টাকার জন্য সাগরের পরিবারকে ১০ দিনের সময় বেধে দেন তারা।
বৈঠকের কয়েক ঘণ্টা পরই ওই গৃহবধূর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে শনিবার সকালে ওই গৃহবধূ আত হত্যার চেষ্টা করেন। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সাগরের বাবা আলী হোসেন জানান, গ্রামবাসী বসে বিষয়টি সমাধান করেছেন। এর জন্য ২ লাখ টাকা জরিমানা করা হলে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা কয়েকদিন পর দেব।
ইউপি সদস্য মতিউর রহমান জানান, বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বৈঠকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আমার কাছে ৫০ হাজার টাকা জমা আছে। বাকি টাকার জন্য সময় দেওয়া হয়েছে।
