উদ্বোধন হলো দিনব্যাপী ‘সমকাল আইসক্রিম উৎসব’
টাইমস মিডিয়া ভবনে ‘সমকাল আইসক্রিম উৎসব’ উদ্বোধন করেন পত্রিকাটির প্রকাশক আবুল কালাম আজাদ ও সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। রোববার সকালে। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ১৩:০১ | আপডেট: ২০ জুলাই ২০২৫ | ১৬:৫২
উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হলো দিনব্যাপী ‘সমকাল আইসক্রিম ফেস্ট-২০২৫’। আজ রোববার দুপুর ১২টায় টাইমস মিডিয়া ভবনের নিচতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ ও সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন স্বাদের আইসক্রিম খাওয়াসহ আইসক্রিম ব্র্যান্ডের উদ্যোগে থাকছে কুইজ ও গেম শো। সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমকালের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে আছে বিভিন্ন আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ বলেন, আইসক্রিম মানেই আনন্দ। শৈশবে যখন স্কুলে যেতাম তখন ২০ পয়সা, ৫০ পয়সা দিয়ে আইসক্রিম খেতাম। তখন এত সুন্দর আইসক্রিম ছিল না। এ রকম একটা আইসক্রিম দিবস ছিল, সেটাও জানা ছিল না। আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আইসক্রিম উৎসবের আয়োজন হবে।
সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, গরমের সময় আইসক্রিম হয়ে ওঠে পছন্দের ঠান্ডা খাবার। এটা খুব হ্যান্ডি এবং যেকোনো পরিবেশে খাওয়া যায়। রাস্তা–ঘাটে যেখানেই খান, শালীনতা নষ্ট হয় না। ফলে আইসক্রিম ভোক্তাকে এক ধরনের প্রশান্তি দিতে পারে।
শাহেদ মুহাম্মদ আলী আরও বলেন, আবার আমার মাঝে মাঝে মনে হয়, আইসক্রিম মানসিক চাপও দূর করতে পারে। বিশেষ করে ঈদের সময় দেখি, সারা দিনের কাজের চাপ সামলে পরিবারের সদস্যরা বিশেষ করে নারী–শিশুরা সন্ধ্যার পর বা রাতে আইসক্রিম খেতে চান বা আইসক্রিম পার্লারে যাওয়ার চেষ্টা করেন। সেখান থেকে আমার মনে হয়েছে, আইসক্রিম কোনো না কোনোভাবে মানুষকে মানসিক স্বস্তিও দিতে পারে।
সমকাল সম্পাদক বলেন, আরেকটা বিষয় আমার মনে হয়, আইসক্রিম এক ধরনের সহজ আনন্দ। পার্লারে বসে, রাস্তায় জটলা করে, মাঠে গোল হয়ে বসে যে কোনো সময় এই আনন্দ উপভোগ করা যায়। তবে এই সহজ আনন্দের পেছনে আছে একটি ক্রমবর্ধমান শিল্প। আজ আমাদের এখানে, সমকাল আইসক্রিম উৎসবে এই শিল্পের অন্যতম সেরা তিনটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। পোলার, ইগলু ও সেভয়। তারা দেশের শীর্ষ আইসক্রিম উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান। আসলে এটা তাদেরই উৎসব। তারা না এলে এই উৎসব করা সম্ভব ছিল না। তাদেরকে আমাদের সমকালের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা।
‘টাইমস মিডিয়া ভবনে সমকাল ছাড়াও চ্যানেল ২৪ এর অফিস আছে। আছে হা–মীম গ্রুপের করপোরেট অফিসসহ তাদের অনেকগুলো বিভাগ। ফলে গ্রুপের সব কর্মীরা আজ এই উৎসবে সামিল হচ্ছে। সারা দিন চলবে এই আয়োজন। আমি সবাইকে এই উৎসবে আমন্ত্রণ জানাই।’
শাহেদ মুহাম্মদ আলী বলেন, এই আয়োজন উপলক্ষ্যে সমকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সমকাল অনলাইন এবং সমকাল ডিজিটালেও সমানতালে চলছে এই উৎসব। সেখানে আমরা আইসক্রিম নিয়ে, এই আয়োজন নিয়ে নানা রকম প্রতিবেদন, ফিচার, লেখা প্রকাশ করছি।
অনুষ্ঠানে আইসক্রিম দিবসের শুভেচ্ছা জানিয়ে ইগলুর এজিএম (ব্রান্ড) সুমিত চক্রবর্তী বলেন, এই আয়োজনে সহযোগী হয়ে অনেক ভালো লাগছে। আশা করি, পরবর্তীতে আরও বড় করে আমরা এই আয়োজন করতে পারব।
অনুষ্ঠানের সঞ্চালক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির জানান, আজকের এই আয়োজনে সমকাল, চ্যানেল ২৪ ও হা–মীম গ্রুপের কর্মীদের সেভয়ের পক্ষ থেকে সৌজন্য আইসক্রিম দেওয়া হচ্ছে। এছাড়া পোলারসহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান আজ অংশ নিয়েছে তারাও বিশেষ ছাড়ে আইসক্রিম সরবরাহ করছে।
