ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারে বিএনপিকে উকিল নোটিশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:০২
জুলাই হত্যা মামলার আসামি ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাহারে বিএনপিকে উকিল নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর মিরাজ উদ্দিন নামে এক ব্যক্তির পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন (বাবু)।
লিগ্যাল নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী ফ্যাসিস্টের দোসর, এস আলমের ঘনিষ্ঠ সহযোগী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ফখরুল ইসলামকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপির একজন কর্মী, নোয়াখালী-৫ আসনের ভোটার ও ফ্যাস্টিস্টবিরোধী জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে আমি (মিরাজ উদ্দিন) এই মনোনয়নে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছি। ফখরুল ইসলাম আওয়ামী ফ্যাসিস্ট শক্তির একজন দোসর, এস আলমের ঘনিষ্ঠ সহচর হিসেবে ২০২২ সালে এস আলমের মালিকানাধীন পদ্মা লাইফ ইনস্যুরেন্সের নিযুক্ত চেয়ারম্যান। তবে দুর্নীতি ও গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ফখরুল ইসলামকে ২০১২ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স থেকে অপসারণ করা হয়।
নোটিশে বলা হয়, ফখরুল ইসলাম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলন দমন, হত্যার হুকুমদাতা ও অন্যতম অর্থ যোগানদাতা। জুলাই আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলার (মামলা নং- ৫৮(৯)২৫, ধারা ৩০২/১০৯/১৪৯/৩৪ দণ্ডবিধি) ২৯৭ নম্বর আসামি। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন দেওয়া জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত দলীয় নীতি ও কর্মসূচি এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের পরিপন্থি। তাই ফখরুল ইসলামের মনোনয়ন আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও দলের ত্যাগী ও জনবান্ধব কাউকে ওই আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি মহাসচির ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ প্রদান করছি। অন্যথায়, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- বিএনপি
- সংসদ নির্বাচন
- নোয়াখালী
- নোটিশ
