আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বিভ্রাট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৩:০৬ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৩:১০
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সুন্দরবন উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে। এ জন্য রোববার সকাল থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত থেকে কমিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত করা হয়। কিন্তু দুপুর দেড়টায়ও আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে ‘১০ নম্বর মহাবিপদ সংকেত’ প্রদর্শন হচ্ছিল।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান সমকালকে বলেন, ‘ও তাই নাকি! বিষয়টি খেয়াল করা হয়নি। এখনই সংশোধন করে দিচ্ছি।’
এরপর পৌনে ২টার দিকে ওয়েবসাইটের স্ক্রলে সতর্কবার্তা সংশোধন করা হয়।
এর আগে গত শুক্রবারও একই রকম ঘটনা ঘটেছিল আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে। বুলবুল ‘প্রবল’ থেকে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিলে চারটি সমুদ্রবন্দর ও উপকূলীয় জেলাসমূহে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়। অথচ রাত পর্যন্ত ওয়েবসাইটের স্ক্রলে ছিল ৩ নম্বর স্থানীয় সতকর্তা সংকেত।
ওই ঘটনায় আবহাওয়াবিদরা বলেছিলেন, কারিগরি জটিলতার কারণে এমনটি হয়েছিল। এমনকি সেদিন ১২ ঘণ্টা পর্যন্ত তথ্য হালনাগাদও বন্ধ ছিল।
নড়াইলের লোহাগাড়া সরকারি কলেজের শিক্ষক তারেক আলম সমকালকে ক্ষুব্ধ হয়ে জানান, অনেক বেসরকারি সংস্থা আগেই পূর্বাভাস জানায়। সে তুলনায় আমাদের সরকারি আবহাওয়া অধিদপ্তর অনেক পিছিয়ে। এটি আরও আধুনিকায়ন করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাইন আহমেদ জানান, ‘এমন মহাগুরুত্বপূর্ণ সময়ে কিছুক্ষণ পরপরই আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুঁ মারি। কিন্তু আপডেট তথ্য পাওয়া যায় না। উল্টো ভুল স্ক্রলে দ্বন্দ্ব তৈরি হয়।’
আবহাওয়াবিদ আব্দুল মান্নান সমকালকে বলেন, কারিগরি জটিলতার কারণে অনেক সময় সময়মতো তথ্য হালনাগাদ করা সম্ভব হয়ে ওঠে না। তারা যথাসম্ভব চেষ্টা করেন আপডেট তথ্য দিয়ে সহায়তা করতে।
তবে রোববার কারিগরি কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও স্ক্রলে '১০ নম্বর মহাবিপদ সংকেতের' তথ্য হালনাগাদ করেনি কর্তৃপক্ষ। এটি তাদের ‘অসতকর্তা’ বলে জানান তিনি।
- বিষয় :
- ঘূর্ণিঝড় বুলবুল
- আবহাওয়া অধিদপ্তর
