ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৯৯৯-এ পাকিস্তানি নারীর ফোন, উদ্ধার করল পুলিশ

৯৯৯-এ পাকিস্তানি নারীর ফোন, উদ্ধার করল পুলিশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ২২:৩৩

পাকিস্তানি বংশোদ্ভূত এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। সঙ্গে সঙ্গে ঢাকার দারুস সালাম থানার একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ওই নারী অভিযোগ করে বলেন, তাঁকে নির্যাতন করে আটকে রেখেছেন তাঁর স্বামী। এ ছাড়া তাঁর পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বন্দি জীবনযাপন করছেন। আজ সোমবার ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

দারুস সালাম থানা পুলিশের হস্তক্ষেপে তাঁর স্বামী পাসপোর্ট ফেরত দেন এবং দ্রুত সময়ের মধ্যে তাঁকে নিজ দেশে (পাকিস্তান) ফেরত পাঠানোর অঙ্গীকার করেন। এতে ওই নারী সন্তুষ্ট হয়ে থানায় কোনো অভিযোগ না দিয়ে ননদের জিম্মায় বাসায় ফেরত যান।

পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দারুস সালাম লালকুঠি এলাকা থেকে পাকিস্তানি এক নারী ৯৯৯-এ ফোন করেন। ওই নারীর অভিযোগ, স্বামী নোবেল আহমেদ ও শাশুড়ি তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং বাসার একটি কক্ষে আটকে রাখেন। 

উদ্ধার হওয়া নারীর কাছ থেকে জানা যায়, তাঁর তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।

আনোয়ার সাত্তার জানান, পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও তাঁর পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে পাসপোর্ট ফেরত দেন। সেই সঙ্গে অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে বাংলাদেশে জন্ম নেওয়া তাঁর তিন মাসের শিশুসন্তানের পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠাবেন। এরপর ওই নারীর ননদ তাঁকে নিজের জিম্মায় নেন।

আরও পড়ুন

×