আনন্দ-উল্লাসে মুখরিত মতিঝিল আইডিয়াল স্কুল, পাশের হার ৯৮.০২ শতাংশ
আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: দ্রোহী তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১৪:১১
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল স্কুল মাঠে। সকাল ১০টায় দেশব্যাপী ফল প্রকাশের পর মুঠোফোনে ফল জানতে শুরু করেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কেউ সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কোলাকুলি করেছেন, কেউ মেতেছেন নাচ-গান ও মিষ্টিমুখে।
দুপুর ১টা ১০ মিনিটে স্কুল মাঠে ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ। তিনি জানান, এবার প্রতিষ্ঠানটির ২ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ জন।
ফল প্রকাশের আগে থেকেই এসএমএসের অপেক্ষায় ছিলেন শিক্ষার্থী রাফসান জামি আবরার। মুঠোফোনে ফল আসার পর তিনি জিপিএ-৫ পাওয়ার আনন্দ প্রকাশ করেন। আবরার বলেন, পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও বাবা-মায়ের সহযোগিতা না থাকলে এই দিনটি দেখা সম্ভব হতো না।
স্কুল মাঠেই মুঠোফোনে ফল জানতে পারেন শিক্ষার্থী জাবের ইবনে জালাল। এ প্লাস পাওয়ার খবর পেয়ে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। পরে মাঠজুড়ে শুরু হয় নাচ-গান ও মিষ্টিমুখ।
শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে যোগ দেন অভিভাবকেরাও। অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, একজন বাবার কাছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সকালের দুশ্চিন্তা ফল জানার পর এক মুহূর্তে স্বস্তিতে বদলে গেছে।
অভিভাবক নাসরিন সুলতানা বলেন, সন্তানদের দিনরাতের পরিশ্রম এবং শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।
প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখা এবং বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে এবার মোট ২ হাজার ৭৮২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৭৮ জন। অনুপস্থিত ছিল চারজন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২ হাজার ৫৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২৪১ জন।