ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএসসিতে মনিপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯২.২৩ শতাংশ

এসএসসিতে মনিপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯২.২৩ শতাংশ
×

এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। ছবিটি মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে তোলা- মামুনুর রশিদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৯:২৮

এসএসসি পরীক্ষায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪০৫ জন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ২৩ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৪৯ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণে জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৭০৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৬৯২ জন।

বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৩ জন। অনুত্তীর্ণ হয়েছে ২৫০ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণ হয়েছে ৫৫৮ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৪৯ জন।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল তাদের জন্য যথেষ্ট সন্তোষজনক। তিনি দায়িত্ব নেওয়ার পর এটিই প্রতিষ্ঠানের প্রথম পাবলিক পরীক্ষার ফলাফল উল্লেখ করে বলেন, অতীতের নানা প্রতিকূলতা সত্ত্বেও আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মনিপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারি এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কারণে মাঝের সময়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। তবে শুধু পাসের হার কিংবা জিপিএ-৫-এর সংখ্যা বাড়ানোই তাদের লক্ষ্য নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, নতুন সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা একটি সুন্দর ও কার্যকর কাঠামোর দিকে এগিয়ে যাবে, এটাই তাদের প্রত্যাশা। শিক্ষার্থীরা যেন শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পাশাপাশি পড়াশোনার বাইরে স্কাউটিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

×